চার মাস বেতন পান না বাঘার ৬০ গ্রামপুলিশ

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:০৪

বাঘায় দুই বছরের প্যারেড ভাতাসহ চার মাস যাবত্ বেতন পাচ্ছেন না ৬০ জন গ্রাম পুলিশ। উপজেলা পরিষদ থেকে এসব গ্রাম পুলিশকে ভাতা দেয়ার বিধান থাকলেও বরাদ্দ না আসায় ভাতা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। ফলে রোজার শুরু থেকে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় সরকারের অধীনস্থ গ্রাম পুলিশরা।

বেতন বঞ্চিত উপজেলার বাউসা ইউনিয়নের গ্রাম পুলিশ হাসমত আলী, বাজুবাঘার মকলেছুর রহমান ও বাউসা ইউনিয়নের আব্দুল মমিন বলেন, আমরা সামান্য বেতনের চাকরি করি এবং এই চাকরির টাকায় বহু কষ্টে সংসার চালাই। এখন রোজা শুরু হয়েছে। সামনে ঈদ। অথচ আমাদের বেতন দেয়ার বিষয়ে কোনো আগ্রহ লক্ষ্য করছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে গেলে তিনি পরে যোগাযোগ করতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, বাঘায় দুটি পৌরসভা হওয়ার কারণে উপজেলা হাট-বাজার থেকে যে পরিমাণ রাজস্ব আসে সেখান থেকে গ্রাম পুলিশদের সম্পূর্ণ বেতন দেয়া সম্ভব হয় না। তাদের অর্ধেক ভাতা দেন জেলা প্রশাসক। আমি সেখানে চিঠি দিয়েছি। বরাদ্দ এলে তাদের বেতন দেয়া হবে।