মৌলভীবাজার চা বাগানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:০৬

প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ৯২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজকুমার (৬০) নামে একজন চা বাগান শ্রমিক মারা যাবার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ডায়রিয়া আক্রান্ত হয়ে গত এপ্রিল মাস থেকে চলতি মাসের ৯ তারিখ দুুপুর ১টা পর্যন্ত ৫২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই চা বাগানের নারী শ্রমিক ও শিশু।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চা বাগানের নারী ও শিশু এবং পুরুষ মিলে ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে ভাড়াউড়া চা বাগানে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া ছয় শয্যার চা বাগানের নিজস্ব ডিসপেন্সারিতে গত ১ সপ্তাহে ৩৪ জন ডায়রিয়া রোগী চিকিত্সা নিয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে এ চা বাগানের রাজকুমার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়।

ভাড়াউড়া চা বাগানের স্বাস্থ্যকর্মী প্রদীপ চক্রবর্ত্তী জানান, ‘বিশুদ্ধ পানির অভাব, অপুষ্টি ও ক্ষতিকর খাবার গ্রহণের কারণে চা বাগানের শ্রমিকরা ডায়রিয়ার শিকার বেশি হচ্ছেন।’

ভুরভুরিয়া চা বাগানের চিকিত্সক ডা. সাদাত হোসেন মোহাম্মদ আসলাম বলেন, খরার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া মোকাবিলায় আমাদের যতটুকু প্রয়োজন তা চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছি। তবে রোগীর চাপে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তবে এখন কিছুটা কম আছে।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত্ হোসেন বলেন, ডায়রিয়া নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চিকিত্সা চলছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী বলেন, বুধবার রাতের হিসাব মতে সারা জেলায় ৬৫ জনের মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরও বলেন, প্রচণ্ড গরম আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।’