বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম গতকাল বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রদূতগণ, শ্রীলংকার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি ও তার পত্নী আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তারা অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির এই ঐতিহ্যকে সমুন্নত রেখে, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার আয়োজন। তিনি বলেন, বিভিন্ন সময় ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটি চক্র মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের হীন কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো সহজভাবে গ্রহণ করেনি। তাদের সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোন মূল্যে আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। রাষ্ট্রপতি সবাইকে মিলে-মিশে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
