ছায়ানটে নজরুল উত্সব

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫৯
শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘নজরুল-উত্সব ১৪২০’। আজ ও কাল দুইদিনব্যাপী এই উত্সব পালন করবে ছায়ানট। উত্সবে সম্মেলক ও একক গান ছাড়াও থাকছে নৃত্য, পাঠ ও আবৃত্তি। অংশ নেবেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলের প্রবীণ-নবীন ও প্রতিশ্রুতিমান প্রায় দুইশত শিল্পী। সম্মেলক নৃত্যগীত ‘কারার ঐ লৌহ কপাট...’ এর মধ্য দিয়ে শুরু হবে উত্সব। বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল এ কথা জানান। সাংবাদিক সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছায়ানটের কার্যকরী সংসদ সদস্য শাহীন সামাদ, গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার ও হেড অফ কর্পোরেট রেসপন্সিবিলিটি দেবাশীষ রায়, মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক এ এম আরিফুর রহমান। খায়রুল আনাম শাকিল বলেন, কাজী নজরুল ইসলাম তার স্বতঃস্ফূর্ত প্রতিভাবলে বাঙালির গান ও সাহিত্যের অঙ্গনে নতুন জীবন সঞ্চার করেছেন। তার গান ও সৃজন বরাবরই ছায়ানটের স্থির প্রত্যয়ের যাত্রার সঙ্গী। বাঙালির আপদে-সংকটে সবসময়ই আমরা কণ্ঠে তুলে নিয়েছি তার জাগরণমূলক আত্মবোধনের গান। শাহীন সামাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সামনে এগিয়ে নেয়ার যে পথ তৈরি করে দিচ্ছেন, এটা নতুন প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে। দেবাশীষ রায় বলেন, কবি নজরুল আমাদের তার আদর্শে গড়ে ওঠার অনুপ্রেরণা দেয়। এ এম আরিফুর রহমান বলেন, দেশের মানুষ একটা অন্যরকম সময় পার করছে। অনেক ক্ষেত্রে সংস্কৃতির মধ্যেও একটা বিভেদ ও সাংঘর্ষিক অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রথমদিন নজরুল স্মারক বক্তৃতা দেবেন রাজধানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সনত্ কুমার সাহা।