লাউয়াছড়া উদ্যান ঘেঁষে মোবাইলের টাওয়ার!

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:০৭

লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘেঁষেই একটি বাগানে মোবাইল ফোনের টাওয়ার নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এতে উদ্যানের জীববৈচিত্র্যের জন্য বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, উদ্যানের দক্ষিণ দিকে ডলুছড়ায় শ্রমিকরা মাটি কেটে গর্ত করছেন। গর্ত খনন কাজের ঠিকাদার অশোক দেববর্মা জানান, এখানে টেলিটক কোম্পানির কাজ হচ্ছে। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সরেজমিনে সেখানে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে এসেছি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বন সংরক্ষক আবু মুছা শামসুল মুহিত চৌধুরী বলেন, টাওয়ার নির্মাণের ফলে বনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে।