প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে খুলনার দাকোপের বিভিন্ন এলাকায় আটটি লবণ পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে। প্লান্টগুলো থেকে প্রতিদিন হাজার হাজার লিটার পানি ক্রয় করছে এলাকার জনসাধারণ। এতে সুপেয় পানি সংকট কিছুটা নিরসন হবে বলে এলাকার সচেতন মহল মনে করেন। উপজেলা সদর চালনা পৌরসভা ও ৯টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে এ প্লান্টগুলো স্থাপন করা হয়েছে। প্লান্টগুলো হলো: চালনা পৌরসভা ও বানিশান্ত ইউনিয়নে দুইটি করে, পানখালী, তিলডাঙ্গা, কামারখোলা এবং দাকোপ ইউনিয়নে একটি করে প্লান্ট। এর মধ্যে তিনটি প্লান্ট সৌর বিদ্যুত্ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে সূত্রে জানা যায়। প্রতিটি প্লান্ট থেকে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট হাজার লিটার লবণ পানি বিশুদ্ধ করে সরবরাহ করা সম্ভব। এগুলো থেকে প্রতিদিন এলাকার শত শত লোক ৪০ পয়সা লিটার দরে বিশুদ্ধ পানি ক্রয় করে চাহিদা মিটিয়ে আসছে।
