আজ আমাদের দেশে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায় সব ক্ষেত্রেই আমরা আমাদের কোনো ভুলকে স্বীকার করতে চাই না। আর চাই না বলেই হয়তো আমার যে লক্ষ্য নিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে চাই তাতে সক্ষম হচ্ছি না। নিজের ভুলকে স্বীকার করা মানেই হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার অর্ধেক পথ অতিক্রম করা। কিন্তু নিজের ভুল হলে তা স্বীকার না করে বরং তাকে প্রতিষ্ঠিত করাই যেন আজকে সমাজের রীতি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভুলগুলোকে স্বীকার করছি না এই ভেবে যে হয়তো অন্যরা আমাদের নিয়ে সমালোচনা করবে, আমাদের দুর্বল দিকগুলোকে উন্মোচিত করবে সকলের সামনে, সমাজে আমরা হেয় প্রতিপন্ন হব এবং আমাদের শত্রুরা এটাকে তাদের অস্ত্র হিসেবে আমাদের উপর ব্যবহার করবে। কিন্তু প্রকৃতপক্ষে এর দ্বারা আমরা আমাদের নিজেদের যে কি অপূরণীয় ক্ষতি করছি তা হয়তো উপলব্ধি করতে পারছি না।
স্যরি বলতে যত বাধা
অনেকে বলেন, ‘আমি বুঝতে পারি ভুল হয়েছে; কিন্তু ভেতর থেকে স্বীকার করতে একটা বাধা আসে।’ তারা ভাবেন ভুল স্বীকার করলে বা স্যরি বললে মানুষ আমাকে দুর্বল ভাববে, আমি ছোট হয়ে যাব, অপমানিত হব, লোকে খারাপ ভাববে, হেরে যাব। আসলে ভুল স্বীকার করলে কোনো কিছুই হয় না। না স্বীকার করলেই বরং অনেক ক্ষতি হতে পারে। কারণ উটপাখি যেমন মুখ লুকিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পারছে না, তেমনি আপনি ভুল স্বীকার না করলেও সবাই জানে আপনি ভুল করেছেন। তাই স্বীকার করলেই বরং মানুষ আপনার অবস্থানকে সম্মান করবে। অনেকে ভাবেন, ‘স্যরি বললে মাথায় উঠবে।’ এটাও সত্য নয়। কারণ ভুল স্বীকার করা মানে এটা নয় যে কারও অন্যায়কে মেনে নেওয়া। অনেকে বকা খাওয়ার আশঙ্কা থেকে স্বীকার করতে চান না। মনে রাখতে হবে ভুলকে অস্বীকার মানে মিথ্যা বলা। আর একটি মিথ্যা আপনাকে মিথ্যার ফাঁদে ফেলে দিতে পারে। মানুষের ভুল করাটাই স্বাভাবিক এবং এটাই চিরন্তন সত্য যে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষের পক্ষে সব সময় সম্ভব হয়ে উঠে না আর এর পিছনে নানাবিধ কারণ থাকতে পারে। তবে যদি কোনো কারণে মানুষ ভুল করে ফেলে এবং পরে তা উপলব্ধি করে তাহলে তা শুধরানো তার জন্য নৈতিক দায়িত্বে পরিণত হয়। এতে যদিও তার মনে হতে পারে সে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু সত্যিকার অর্থে সে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার যোগ্য হবেন। কেউ যদি ভুল করে আর সেই ভুল যদি হয় দৃশ্যমান, কোনো কিছুর ফলস্বরূপ এবং অস্বস্তিকর তাহলে এটা ওই ব্যক্তির জন্য একটি ভালো সুযোগ সৃষ্টি করে তার ব্যক্তিত্বকে নতুন করে প্রমাণ করার। কীভাবে একজন ব্যক্তি নিজের ভুলগুলোকে স্বীকার করে নিজেকে শুধরে নেবে তার মধ্যেই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। যদি সে নিজের ভুলগুলোকে লুকোতে চেষ্টা করে বা অস্বীকার করে অথবা অন্যর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এতে প্রত্যক্ষভাবে তারই ক্ষতি সাধিত হয়। কিন্তু সে যদি ভুলগুলোকে স্বীকারের মাধ্যমে শুধরে নেয় তাহলে পরোক্ষভাবে সম্মান অর্জন করে।
কীভাবে স্বীকার করবেন
++ অজুহাত দেখাবেন না। কেননা অজুহাত একই ভুল বারবার করতে সাহায্য করে।
++ নিজের ভূমিকার জন্য দায়িত্ব নিন।
++ অন্যের অবস্থান থেকে ঘটনাটিকে চিন্তা করুন।
++ কোনটি দামি? সম্পর্ক নাকি কে সঠিক কে ভুল? সময়ের প্রেক্ষিতে সঠিক-ভুলের আইডিয়ার পরিবর্তন হতে পারে। তাই তথাকথিত নিয়ম ও আইডিয়া রক্ষার চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দিন।
++ আপনার অবস্থান ‘আমিই ঠিক, আর সবাই ভুল’ থাকলে পরিবর্তন করে ‘আমার দিক থেকে আমি ঠিক, তোমার দিক থেকে তুমিও ঠিক’ অবস্থানে আসতে হবে।
++ অনেকে প্রত্যাশা করেন ‘আমাকে স্যরি বলুক, কিন্তু আমি কাউকে স্যরি বলব না।’ এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। ‘ও আগে স্যরি বলুক’ এটাও ঠিক নয়। ভাবুন তো আপনার এই ইগোটি বেশি দামি নাকি সম্পর্কটি। তাই আপনিই আগে বলুন, ‘স্যরি, আমার এই আচরণে তুমি কষ্ট পেয়েছ।’
++ ক্ষতিপূরণ হিসেবে কিছু করুন। যেমনথ সরাস্যরি ক্ষতিপূরণ, বাড়তি কাজ বা সময়, বিশেষ উপহার, ‘স্যরি’ কার্ড ইত্যাদি।
মডেল নীলিমা ও হূদয়
