তারুণ্যের সুরে

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৯
ক্ষুদে গানরাজের অডিশন চলছে! কতরকম মানুষ চারপাশে, ভেতরে গানের পরীক্ষা নিচ্ছেন দেশের বড় বড় সংগীতজ্ঞরা। একে একে এল তার পালা। প্রথমেই একটি নজরুল সংগীত করলেন। বিচারকদের মুগ্ধ করতে তাকে আর গাইতে হয়নি। মজা করে সেই সময়ে বিচারক ইমন সাহা তাকে একটা কমলালেবু দিলেন। সেইদিনের সেই ছোট্ট কমলাজয়ী প্রতিযোগীই আজকের নওমি। নওমির বেড়ে ওঠা ময়মনসিংহে। বাবা-মায়ের চাকরির সুবাদে প্রকৃতির হাতে গড়া জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সাথে জড়িয়ে রয়েছে তার কতই না স্মৃতি। সেই সময় থেকেই নওমির গান করা। সুনীল কুমার ধরের কাছেই মূল তালিম নিয়েছেন তিনি। মায়ের উত্সাহে গান করা শুরু হলেও পরবর্তীতে নওমি নিজের ভালোলাগায় জড়িয়ে যান সংগীতের সাথে। কেন এই ভালোলাগা জানতে চাইলে তিনি বলেন, ‘সুস্থ সংগীতের মাধ্যমে আমরা আমাদের মনকেও সুস্থ রাখতে পারি। সুরের, কথার এই যে মাধুর্য, এত যে মোহনীয় ক্ষমতা, এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! যিনি সংগীতকে এইভাবে উপলব্ধি করেন, তিনি সবাইকে তার সুরের ঋদ্ধতায় মুগ্ধ করবেন, এ আর ভিন্ন কি! নওমির পুরস্কারের ঝুলির কথা আগেই জানিয়েছি, সেই সাথে চলচ্চিত্রের গান, উপস্থাপনা, নিয়মিত সংগীতের চর্চা চালিয়ে যাচ্ছেন। এত কিছুর পরেও পড়াশোনাটাতে ছাড় দিতে নারাজ তিনি। পরীক্ষা বা ক্লাসের জন্য সমস্যা হয় না? জানতে চাইলে নওমি বলেন, ‘সব কাজই একটু গুছিয়ে করতে পারলে আর সমস্যা হয় না।’ পুরো সপ্তাহে কোন সময়ে কী করবে সেটা তিনি আগে থেকেই ঠিক করে রাখেন। আর সেটা ঠিকঠাক করতে পেরেছেন বলেই এসএসসিতে ক্যামব্রিয়ান স্কুল থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। এখন উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছেন একই কলেজে। বন্ধুরাও তাকে সহপাঠী হিসেবে পেয়ে বেশ খুশি। শিক্ষক আর বন্ধুরা সব সময়ই তাকে উত্সাহ দিয়ে আসছেন। জেনে নেওয়া যাক অন্যতারুণ্যের গানের খোঁজখবর। ‘ক্ষুদে গানরাজ’-এর পর নওমির গানের সুযোগটা করে দিয়েছিলেন কুমার বিশ্বজিত্ এবং আসিফ ইকবাল। আমির নেওয়াজের একটি অ্যালবামে ‘নীল আকাশ’ শিরোনামে একটি গান করেন নওমি। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে ইবরার টিপুর সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘তোমায় ভেবে’ ও ইমরানের সাথে ‘হূদয়ের সীমানা’ গান দুটির মিউজিক ভিডিও এখন প্রায় সব স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে। ২০১২ সালে বাজারে আসে তার প্রথম একক অ্যালবাম ‘নওমি’। এবিসি রেডিও ও ঢাকা এফএমের থিম সং দুটিও তার করা। এর বাইরেও ২০০৪ সালে নজরুল, রবীন্দ্র বা ক্ল্যাসিকাল সংগীতের জাতীয় পর্যায়ে পুরস্কারজয়ী নওমি। ভবিষ্যতে নির্দিষ্ট একটি ব্যান্ডদল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। আর পড়াশোনাটা? দক্ষ একজন চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট হওয়ার ইচ্ছে তার। তবে গানের সাথে যে অদ্ভুত মায়ায় জড়িয়ে যাওয়া সেখানে থেকে তো আর বের হওয়া সম্ভব না, তাই গানের চর্চাটা চালিয়ে যেতে চান সব সময়। নওমির বাবা-মা দুজনই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন। বাবা মোহাম্মদ লুত্ফর রহমান ডেপুটি রেজিস্ট্রার এবং মা শাহানারা বেগম উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। দুই ভাইবোনের মধ্যে নওমি ছোট। বড় ভাই তনয় মাহমুদ পড়ছে আইইউবিতে, ছোটবোনের এই খ্যাতিতে তিনিও মজা পান। প্রায়ই নওমির সাথে খুনসুটিও চলে তাই এসব নিয়ে। তবে পরিবারের উত্সাহ না থাকলে এতদূর আসতে পারতেন না, সেটা স্বীকার করতে একদমই পিছপা হননি নওমি। গানে-সুরে সব সময়ই মুগ্ধ করে যাবেন আমাদের, নওমির জন্য এই শুভকামনা।