ফিলিপাইনের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের হারটা প্রত্যাশিতই। তাদের ফুটবলের অভিজ্ঞতার কাছে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা অনেক পিছিয়ে। আর গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই হারটা এল ৪-০ গোলে। তবে, আশার কথা হল পারফরম্যান্সের গ্রাফটা এখন উর্ধ্বগামী। দলের মধ্যেও এখন পরিবর্তনের ছাপটা স্পষ্ট।
১০৮ র্যাংকিংয়ের বাংলাদেশ, ৮৩ র্যাংকিংয়ের ফিলিপাইনের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। এখানেই শেষ নয়, দেশটির মেয়েদের ফুটবলে রয়েছে প্রায় ৪০ বছরের ইতিহাস। ১৬ জন যুক্তরাষ্ট্রে খেলছেন। গতি আর দক্ষতা মিলিয়ে পরিপূর্ণ এক দল।
থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম মাঠে নেমে কিছু বুঝে উঠার আগেই দুমড়ে-মুচড়ে যান সাবিনা, ইতি, খালেদারা। কারণ বড় ম্যাচে অভিজ্ঞতা ছিল না। দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে সেটা হয়নি। খেলাটা ধরে রাখার চেষ্টা করেছেন মেয়েরা। আর তাতে ইরানও খুব বেশি চড়াও হতে পারেনি। কম ব্যবধানে (২-০) জিতেছিল সফরকারীরা।
কালকের ম্যাচে এই ইতিবাচক পরিবর্তনটা আরও বেশি চোখে পড়লো। ১৯ মিনিট পর্যন্ত ফিলিপাইনকে আটকে রাখার পর আচমকা গোল হজম করে বাংলাদেশ। ফিলিপাইনে ফরোয়ার্ড জেসি অ্যানি কোনাকুনি শটে বল বাংলাদেশের জালে পাঠান ১-০। সাবিনা গোলটা ফিরিয়ে দেয়ার সুযোগও পেয়েছিলেন। গোলকিপারকে কাটিয়ে গোলপোস্টের উদ্দেশ্যে শট নিলেও ফিলিপাইনারে ডিফেন্ডারদের দক্ষতায় সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। ২৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। গোল করেন ক্রিষ্টিয়ানা মেরি (২-০)। দ্বিতীয়ার্ধের বাংলাদেশের স্ট্রাইকার সাবিনার দু’বার কাউন্টার অ্যাটাক ফিলিপাইনের গোলকিপার বল থামিয়ে দেন।
৮৫ মিনিটে আচমকা দুর থেকে শট করে গোল করেন ক্যাথেরিন রুথ (৩-০)। আর ইনজুরি টাইমে জটলায় চতুর্থ গোল হজম করে বাংলাদেশ (৪-০)। ফিলিপাইন আরনেসট থমাস বাংলাদেশ সম্পর্কে বলেন, ‘তাদের আগে শেখা উচিত কিভাবে বল দখলে রাখতে হয়, নিয়ন্ত্রন করতে হয়। তারপর খেলতে হয়।’
৯ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। ফিলিপাইন ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ; আর তিন পয়েণ্ট নিয়ে ইরান তৃতীয়। শেষ অবস্থানটি বাংলাদেশের। কোন পয়েন্ট ছাড়াই শেষ করলো তারা। তিন ম্যাচে একটি গোলও পায়নি বাংলাদেশ। বাফুফের মহিলা কমিটি খেলোয়াড়দের এক লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ দল
সাবিনা, খালেদা (খালেদা), বেলি, ইতি, তৃষ্ণা, নুবাই চিং মারমা (মাইনু মারমা), অম্রা চিং মারমা, সুইনু প্রু মারমা (অধিনায়ক), মুনমুন আক্তার, মিরোনা, লাবনী এবং সাবিনা খাতুন। রেফারি ঃ ক্যাথেরিন মার্গারেট (অষ্ট্রেলিয়া)।
