স্পট ফিক্সিং বিতর্ক

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার জড়িত নয়!

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:০২
ক্রিকেট বিশ্বে ঝড় তোলা স্পট ফিক্সিংয়ের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দৃশ্যতই নীরব দর্শকের ভূমিকাই পালন করছে। সেটা আরো স্পষ্ট হয় গতকাল শনিবার বিসিবির এক কর্মকর্তা যখন বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে তারা কিছু জানতে পারেননি, তাই বিসিবি কিছু জানতেও চায়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি এক ক্রিকেটারের জড়িত থাকার সন্দেহ প্রকাশের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচকে ঘিরে নতুন করে সন্দেহ দেখা দেয়ায় এখন সরগরম ক্রীড়াঙ্গন। অথচ দুটি বিষয়েই বোর্ড তেমন কিছুই জানে না! গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের এডহক কমিটির সদস্য জালাল ইউনুস বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে অফিসিয়ালী কিছু জানা যায়নি বলে বোর্ডও কিছু জানতে চায়নি। আইপিএলের স্পট ফিক্সিং বিশ্ব ক্রীড়াঙ্গনকে নাড়া দেয়ার পর ভারতের একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে অজ্ঞাত এক বাংলাদেশি ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের বরাত দিয়ে সিএনএন-আইবিএন নামের এই চ্যানেল খবরটি প্রকাশ করে। কিন্তু গত শুক্রবার দিল্লি পুলিশ আরেক সংবাদ সম্মেলনে জানায়, বাংলাদেশি কোন ক্রিকেটার জড়িত নয়। কাল এর ব্যাখ্যা দিতে গিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালী কিছু পাইনি। তাই আমরাও জানার চেষ্টা করিনি, কারণ তাদের কাছ থেকে আমরা কোন কিছু জানতে পারিনি। এই কারণে আগ বাড়িয়ে জানার চেষ্টা করিনি। আমি কালও (শুক্রবার) শুনেছি, দিল্লির পুলিশ সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশি কোন ক্রিকেটার জড়িত নয়। আগেরটা মিডিয়াতে এসেছে এবারো এসেছে। তাই সরাসরি ওদের কাছ থেকে কিছু জানতে পারিনি।’ বিপিএলের গত আসরের দুটি ম্যাচ নিয়েও বর্তমানে তদন্ত চলছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) এ ম্যাচ দুটি তদন্তে বাংলাদেশে এসে কাজ করছে। কিন্তু এ ব্যাপারে বিসিবি কিছুই জানে না বলে জানিয়েছেন বিসিবির এডহক কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘বিপিএলে একটা ম্যাচের ব্যাপারে আকসুর প্রশ্ন রয়েছে। সন্দেহটা তাদের। মাঝখানে তারা কয়েকবার দেশে এসেছিল। তাছাড়া এটা আইসিসির ব্যাপার। এটা বোর্ডে সবার জানার কথা নয়। তারা নিজেদের উদ্যেগে এখানে এসেছে। কিছু খেলোয়াড়ের সাক্ষাত্কার নিয়েছে। আমরা এখানে কোন মন্তব্য করতে চাচ্ছি না।’ বিপিএল শেষ হয়েছে প্রায় চারমাস হয়েছে। তাহলে আরো আগে কেন আকসুর সন্দেহ হয়নি? এর উত্তরে তিনি বলেন, ‘তখন হয়তো তারা এ ধরনের কিছু দেখেনি। মনে হয়েছে সব ঠিক ছিল। কিন্তু এরপর তাদের কোন ম্যাচ নিয়ে প্রশ্ন থাকে কিংবা সন্দেহ থাকে তাহলে তারা এটার তদন্ত করতেই পাারে। এটা সম্পূর্ণ আইসিসির ব্যাপার।’ ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগাং কিংসের মধ্যকার ২ ফেব্রুয়ারির ম্যাচটি নিয়ে সে সময়েই কানাঘুষা শোনা গিয়েছিল। ভিডিও ফুটেজ দেখলে এখনো যে কারো এই ম্যাচ নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। ৮৮ রানে ঢাকার আট উইকেট পড়ে যাওয়া কিংবা পেসার মাহবুবুল আলম রবিনের বিশাল ‘নো’ বলের ঘটনাটি বিস্মিত করেছে সে সময়। এই ম্যাচের বিষয়টি তখন বিসিবি কর্মকর্তাদের গোচরীভূত করা হলেও সে সময় বোর্ড তা অতটা আমলে নেয়নি বলে অভিযোগ উঠে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তাহলে বোর্ড কি বিষয়টি চেপে গিয়েছিল? জালাল ইউনুস এ প্রসঙ্গে ঘোর আপত্তি জানিয়ে বলেন, ‘বোর্ডের চেপে যাওয়ার সুযোগ নেই। আর চেপেই যদি যাবে তাহলে এত টাকা খরচ করে আকসুকে আনতো না বিসিবি।’ বিপিএলের শুরু থেকে ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিং নিয়ে আলোচনা চলছে। প্রথম বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় শরিফুল হক প্লাবন স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়া পাকিস্তানী নাগরিক সাজিদ খানকেও বিসিবির নিরাপত্তা কর্মীরা আটক করেছিল গ্যালারি থেকে। এতকিছুর পরও বিসিবি বাড়তি নজরদারি কিংবা ফিক্সিংয়ের ঘটনা প্রমাণ করে শাস্তির বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিসিবি অবশ্য নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিষয়টি আইনশৃংখলা বাহিনীর দিকে ঠেলে দেয়। জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘এর আগে পাকিস্তানী নাগরিক আটক করে ডিবির কাছে হস্তান্তর করেছি আমরা। বোর্ডের দায়িত্ব এই পর্যন্ত। এই দেশের আইন যদি এটা কাভার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাহলে আইন-শৃংখলা বাহিনী তারাই করতে পারে। আর জাতীয় দল বাইরে যাবার আগে ঘরে-বাইরে তাদেরকে এই বিষয়ে বলা হচ্ছে। আমরা সবসময় এই বিষয়ে সতর্ক আছি।’ আকসুর দুই সদস্য প্রতিনিধি দল পাঁচদিন অবস্থান করে গত শুক্রবার ঢাকা ছেড়ে গেছেন। এই পাঁচদিনে দলটি ঢাকায় মোহাম্মদ আশরাফুলকে কয়েক দফায় জেরা করেছেন। কি কথা হয়েছে তা এখনো কেউ জানে না। বোর্ডও এ বিষয়ে নিশ্চুপ। তবে বিসিবি অপেক্ষা করছে আইসিসির কাছ থেকে তথ্য পাওয়ার জন্য। এ প্রসংগে বিসিবির এডহক কমিটির এই সদস্য বলেন, ‘আইসিসির অধীনে আকসু। আইসিসির কাছ থেকে না শোনা পর্যন্ত আমরা কোন মন্তব্য করবো না।’