জাতীয় দলের খেলোয়াড়রা বর্তমান গ্রেডিং পদ্ধতিতে নিলামের ব্যাপারে আপত্তি তুলে প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে এখনো সম্মতি দেয়নি। তারপরও লিগটির আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস আশা করছেন, জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেবেন এতে।
মুশফিকুর রহিমের নেতৃত্বে এই খেলোয়াড়রা বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে তাদের আপত্তি জানিয়ে রাখে। কিন্তু বোর্ড সভাপতি জানিয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা লিগে খেলবেন। এমনকি তাদের জন্য আলাদা পারিশ্রমিকের কাঠামো তৈরি করা হচ্ছে। চারজন খেলোয়াড়কে বিশেষ ব্যবস্থায় পারিশ্রমিক দেয়ারও প্রস্তাব এসেছে। গতকাল শনিবার সিসিডিএম চেয়ারম্যান বোর্ড সভাপতির কথারই পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘২০ জুন নিলাম হবে। আমরা আশা করবো জাতীয় দলের খেলোয়াড়রা এতে অংশ নিবে।’
বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেও ক্লাব ক্রিকেট খেলতে বাধ্য নয় তারা। জানা গেছে, চুক্তির কোন ধারায় এ ধরনের কিছু লেখাও নেই। তাই ক্লাব ক্রিকেটে এদের খেলাতে হলে দায়িত্ব নিতে হবে ক্লাবদেরই। কাল বোর্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, ‘চুক্তি মোতাবেক খেলোয়াড়রা জাতীয় লিগ খেলতে বাধ্য নয়। প্রিমিয়ার ক্রিকেট খেলানোর কোন বাধ্যবাধকতা নেই। তাই দায়িত্ব নিতে হবে ক্লাবদেরই।’ তারপরও বোর্ড এবং ক্লাবগুলো আশা ছাড়ছে না।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার চেষ্টার পাশাপাশি এবার ঢাকার বাইরে খেলতে আগ্রহী হয়ে উঠেছে। এর কারণ ঢাকার বাইরে খেলতে গেলে বিসিবির কাছ থেকে বেশি অনুদান মিলবে। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা ঢাকার বাইরে হলে সেটি হবে লিগের ইতিহাসে এ ধরনের প্রথম নজির। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তার কথাতেও এর আভাস মেলে, ‘ঢাকার বাইরে লিগ হলে আমাদের অনুদানের অংকটাও বেড়ে যাবে। গতবার বোর্ড থেকে নিয়েছিলাম ৩৫ লাখ টাকা। এবার দাবি ৫০ লাখ টাকা। তবে এই অংকের পরিমাণ বেড়ে যেতে পারে।’
ঢাকার বাইরে খেলতে আগ্রহী ক্লাবগুলোর জন্য কিছুটা দুঃসংবাদও আছে। ১ জুলাই থেকে লিগ শুরু হবে বলে বিসিবির কাছে এখনো প্রায় সোয়া একমাস সময় আছে। এরমধ্যে ঢাকার আশপাশের মাঠগুলোও তৈরি করে ফেলবে বিসিবি। গতকাল সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন সে তথ্য। তিনি বলেন, ‘মিরপুর স্টেডিয়ামকে আমরা একটা ভেন্যু হিসেবে ধরেছি। বিকেএসপির দুই নম্বর ভেন্যু রয়েছে। যদি কোন কারণে এগুলোতে করতে ব্যর্থ হই, তাহলে আমরা রাজশাহী ও বগুড়ায় আয়োজন করবো।’
সিসিডিএম চেয়ারম্যান অবশ্য জোর দিয়েই মিরপুর মাঠের কথা বললেন। যদিও বোর্ড সভাপতি মিরপুর মাঠের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে কাল সিসিডিএম চেয়ারম্যানের কথাতে ইঙ্গিত পাওয়া গেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ মিরপুরে রাখতে চান তারা। জুলাই মাসে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগ। বৃষ্টির মৌসুম থাকায় রিজার্ভ ডে রাখা হয়েছে। তারপরও সিসিডিএম চাচ্ছে, ভেন্যুর সংখ্যা বাড়াতে। জালাল ইউনুস বলেন, ‘যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই, তাহলে ঢাকার বাইরে একটা ভেন্যু রাখতে পারি। সেটা হতে পারে রাজশাহী কিংবা বগুড়া। ফতুল্লায় সম্ভব নয়, কারণ সেটি প্রিমিয়ার লিগ খেলার উপযোগী হয়নি।’
এদিকে দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপড়েনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ পর্যন্ত কোন পাকিস্তানি খেলোয়াড় আসেনি। এই ধারা ক্লাব ক্রিকেটেও অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানি খেলোয়াড় আনতে পারবে কিনা এটা ক্লাবগুলোর ব্যাপার। এখানে বোর্ডের তরফ থেকে কোন নিষেধাজ্ঞা নেই।’
