কোপা ডেল রে ফাইনালে হারের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে রিয়াল মাদ্রিদ আজ লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল সোসিয়েদাদের। রিয়ালের জন্য ম্যাচটি যেখানে হতাশা ভোলার মিশন সেখানে সোসিয়েদাদের লক্ষ্য এ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। দিনে অনুষ্ঠিত হবে আরও নয়টি ম্যাচ। লিগ শিরোপা জয়ী বার্সেলোনা নিজের মাঠে লড়বে এস্প্যানিওলের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের নিয়মানুযায়ী লা লিগার শীর্ষ তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ দলটিকে খেলতে হবে বাছাই পর্বে। তবে রিয়াল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথম তিনটি স্থান এরই মধ্যে নিশ্চিত করে ফেলায় চতুর্থ স্থানটি নিয়ে লড়াই চলছে সোসিয়েদাদ এবং ভ্যালেন্সিয়ার মধ্যে। দু’দলের পয়েন্ট ৬২ হলেও গোল ব্যবধানে ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলে সে লড়াইয়ে আপাতত এগিয়ে আছে সোসিয়েদাদই। তবে শেষ দুটি ম্যাচে ভ্যালেন্সিয়া পাচ্ছে অপেক্ষাকৃত সহজ দুই প্রতিপক্ষকে। গ্রেনাডার বিরুদ্ধে আজকের ম্যাচের পর আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে সেভিয়ার। তাই একটি ম্যাচে পা হড়কালেই হাতছাড়া হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ। এমনই সমীকরণ সামনে রেখে সোসিয়েদাদ মুখোমুখি হচ্ছে রিয়ালের। তবে ‘লস ব্লাঙ্কোসদের’ মুখোমুখি হওয়ার আগে স্বাগতিকরা অনুপ্রেরণা খুঁজতে পারে লা লিগায় তাদের সামপ্রতিক পারফরম্যান্স থেকে। গত নভেম্বর থেকেই দারুণ খেলছে তারা। সর্বশেষ ২৭টি লা লিগার ম্যাচে তারা হেরেছে মাত্র দুটিতে। তবে সেই দুটি হারের একটি আবার এসেছে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল জয় পায় ৪-৩ গোলে।
রিয়াল মাদ্রিদ সর্বশেষ কোপা ডেল রের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায়। ১৯৯৯ সালের পর অ্যাটলেটিকো প্রথমবারের মত রিয়াল মাদ্রিদকে হারানোর স্বাদ পায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে। অন্যদিকে সফরকারি রিয়াল মাদ্রিদের জন্য এটি দুঃখ ভোলার মিশন। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ধূলিস্মাত্ হয়ে যাওয়ার পর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে তারা হারায় কোপা ডেল রে শিরোপাও। বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি এখন শুধু ভাবতে পারে সুন্দরভাবে লিগ ব্যাপারটাই। আর শেষ দুটি ম্যাচ জিতে জয় দিয়েই লিগ শেষ করতে চায় তারা। আর শীর্ষে থাকা দল বার্সেলোনা এর মধ্যেই শিরোপা তুলে নিলেও সহজ ম্যাচে হারতে চাইবে না তারাও।
