মাঝে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেই থাকছেন চিলির স্ট্রাইকার অ্যালেক্স সানচেজ। তিনি নিজেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বার্সায় থাকার কথা জানালেন।
সানচেজ বার্সেলোনায় যোগ দেন ২০১১ সালে। তবে একাদশে নিয়মিত ছিলেন না তিনি। অধিকাংশ সময়ই বদলি হিসেবে মাঠে নামতে হয় তাকে। এ কারণেই গুঞ্জন উঠে আগামী মৌসুমে নতুন দলে যোগ দিবেন ২৪ বছর বয়সী খেলোয়াড়টি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি বা ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে যাওয়ার কথা শোনা গিয়েছিল।
এ ব্যাপারে খেলোয়াড়টি বলেন, ‘ক্লাব আমাকে বলেছে- তারা আমাকে দলে রাখতে চায় এবং আমারও ইচ্ছা ছিল বার্সেলোনায় থাকার। এছাড়া সকলেই আমাকে বলেছে বার্সাতে থাকার জন্য, তাই আমি এখানেই থাকছি। আমি খুব খুশি যে আগামী মৌসুমেও বার্সেলোনার সাথেই থাকতে পারবো।’ আগামী মৌসুমে দলে ভেড়ানোর জন্য বেশ কিছু দল তার সাথে যোগাযোগ করেছে জানিয়ে সানচেজ বলেন, ‘কিছু দল আমাকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে আমি খুব খুশি যে বার্সার হয়ে আগামী মৌসুমও খেলতে পারবো। আমার মূল লক্ষ্য থাকবে ভালো পারফরমেন্স করে একাদশে জায়গা করে নেয়া। আমার লক্ষ্যই ছিল বার্সাতে থাকা এবং এখানে ভালো পারফরমেন্স করা। বার্সেলোনায় থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আগামী মৌসুমে দলকে আরো ভালো কিছু দেয়ার চেষ্টা করবো।’ চিলির জাতীয় দলে ২০০৬ সালে অভিষেক নেয়ার পর গত সাত বছরে দলের হয়ে ৫৫ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। অপরদিকে বার্সেলোনার হয়ে ৫২ ম্যাচে করেছেন ১৯ গোল। বাসস
