শেষ হলো বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:০৪
শেষ হলো বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট। সাভারের গলফ ক্লাবে দুইদিনের এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় গলফ ক্লাবের ক্লাব হাউস মিলনায়তনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। টুর্নামেন্টে পুরুষ ১৮ হোল, ভেটেরান, সুপার সিনিয়র, সিনিয়র, মহিলা এবং জুনিয়র বিভাগে দুই শতাধিক গলফার অংশগ্রহণ করে। তারমধ্যে বিদেশী ৫২ এবং মহিলা ছিলেন ১৮ জন। জুনিয়র বিভাগে মালিহা, মহিলা বিভাগে কুসুম ফরিদ, সিনিয়র বিভাগে এমই এইচ চৌধুরী, ভেটেরানে এমএ হাশেম, সুপার সিনিয়রে সারোয়ার কামাল এবং পুরুষ ১৮ হোলের খেলায় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম সিকদার চ্যাম্পিয়ন হন। এছাড়া বসুন্ধরার প্রতিযোগী গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগীয় প্রধান লে. ক. (অবঃ) আব্দুল ওয়াহেদ কনভেনশনাল পুরস্কার জেতেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্পন্সর থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) মাহাবুব হায়দার খান, বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ আহমেদ মুক্তাদির আরিফ এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগীয় প্রধান লে. ক. (অবঃ) আব্দুল ওয়াহেদ ও হেড অব ডিভিশন অডিট আশরাফ হোসেন মন্ডল।