থাইল্যান্ড মেয়েদের এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের তিন ম্যাচ জিতেই দলটি চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নিয়ে আজ দুপুরে থাইল্যান্ড ফিরে যাচ্ছে।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে গ্রুপে নিজেদের শেষ খেলায় থাইল্যান্ড নিসা রোমিয়েনের হ্যাট্রিকে ৫-১ গোলে ইরানকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। কিন্তু থাই কোচ পিয়াকুল কাওনামকাং ম্যাচ শেষে প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন, ‘একটা গ্রুপ থেকে মাত্র একটা দলকে চূড়ান্ত পর্বে না নিয়ে দুটিকে সুযোগ দেয়া উচিত। কারণ কোনো ভালো দল সামান্য ভুলে বাদ পড়ে যাচ্ছে।’
থাইল্যান্ডের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। ইরানের বিরুদ্ধে বড় ব্যবধানে না হারলে তারাই চূড়ান্ত পর্বের টিকিট পেতো। কিন্তু থাইল্যান্ড কাল ইরানকে বড় ব্যবধানে হারিয়েই মাঠ ছাড়ল। ম্যাচের সব কয়টি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। হ্যাটট্রিক করেছেন নিসা রোমিয়েন।
এ নিয়ে দুটি হ্যাটট্রিক করলেন তিনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিসারের রয়েছে চার গোল। ফিলিপাইনের বিরুদ্ধে একটি। সব মিলিয়ে থাইল্যান্ডের তিন ম্যাচে করা ১৫ গোলের মধ্যে নিসা রোমিয়েনের অবদান আটটি। তিন ম্যাচে থাইল্যান্ড একটি গোল হজম করেছে। সেটি হয়েছে কাল ইরানের বিরুদ্ধে। নিসার হ্যাটট্রিক ছাড়াও ৭০ মিনিটে মাইজারেন, ৭৪ মিনিটে নাফাত গোল করেন ৫-০। পাঁচ গোল হজম করে ৭৯ মিনিটে ইরানের সারা ঘমি একটি গোল পান ১-৫। ইরান প্রথম ম্যাচে ০-৬ গোলে ফিলিপাইনের কাছে হারে। দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। শেষ ম্যাচে হারল থাইল্যান্ডের বিরুদ্ধে।
