বায়ার্নের পঞ্চম ‘ইউরোপ জয়’

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৫
এবার আর গত দুবারের মতো দুঃস্বপ্ন সঙ্গী হল না বায়ার্ন মিউনিখের। অ্যারিয়েন রোবেনের শেষ মুহূর্তের গোলে ইতিহাসের প্রথম ‘অল জার্মান’ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো জার্মান চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগায় দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর তাদের ইউরোপ সেরার এ স্বীকৃতি একই সঙ্গে ইউরোপিয়ান ফুটবলে ‘জার্মান আধিপত্য’ শুরুরও ইঙ্গিত দিল। এ ফাইনালকে কেউ হয়তো বলবেন জার্মান ফুটবলের আধিপত্যের শুরু। হয়তো বহু বছর পরে বলা হবে, ইউরোপিয়ান ফুটবলে বুন্দেসলিগা আধিপত্যের শুরু হয়েছিল এ ফাইনালের মধ্য দিয়ে। তবে সেটা যদি নাও হয়, লিসবনে আগামী বছরের ফাইনালে যদি একটি জার্মান ক্লাবও না থাকে; তবুও এ ফাইনালটিকে ফুটবলপ্রেমীরা মনে রাখবেন নানা কারণে। ওয়েম্বলির গত শনিবার রাতের পরিবেশটা যে কোন বিচারেই ছিল ফুটবলের জন্য আদর্শ। দুই ক্লাবের ফুটবল ঐতিহ্য, বিশাল সমর্থক গোষ্ঠী, জাদুকরী কিছু মুহূর্ত, আবেগ-অনুভূতির তীব্র প্রকাশভঙ্গি আর জেতার জন্য দুই দলের মরণপণ লড়াই এ ম্যাচটাকে দিয়েছিল বিশেষ এক মাত্রা। আর গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনাল খেলা বায়ার্ন স্নায়ুক্ষয়ী সেই লড়াইয়ে জয় তুলে নিয়ে মোচন করলো তাদের এক যুগের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার বন্ধ্যাত্ব। জার্মান ফুটবলের চিরাচরিত দর্শনের কথা চিন্তা করলে বোঝাই যাচ্ছিল, মাঠে দুই দলের লড়াইটা হবে খুব বেশি শারীরিক। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে তাতে ফাইনালের মূল আকর্ষণ ক্ষুণ্ন হয়নি। ওয়েম্বলির ৮৬,২৬৮ জন দর্শকের সামনে ম্যাচের প্রথম আক্রমণটা রচনা করে ডর্টমুন্ডই। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চার গোল করা ডর্টমুন্ড স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির ২৫ মিটার দূর থেকে নেয়া শট ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এর মিনিট খানেক পরেই ম্যাচের অন্যতম সেরা সেভটি করেন নয়্যার।জ্যাকুব ব্লাসিকোয়োভস্কির ডান পায়ের শট দারুণভাবে বাম পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। নিজেদের সর্বশেষ বুন্দেসলিগা ম্যাচের অপরিবর্তীত দল নিয়ে মাঠে নামা ডর্টমুন্ড প্রথম দশ মিনিটেই চালায় চারটি আক্রমণ। অন্যদিকে ডর্টমুন্ডের আক্রমণ ঠেকাতে ব্যস্ত বাভারিয়ান জায়ান্টরা তাদের প্রথম আক্রমণ থেকেই গোল প্রায় পেয়েই যাচ্ছিল। রিবেরির দুর্দান্ত এক ক্রস ডর্টমুন্ড ডিফেন্ডারদের ভিড়ে খুঁজে নেয় মারিও মান্ডজুকিচের মাথা। তবে তার অসাধারণ হেডটি অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন ডর্টমুন্ড অধিনায়ক এবং গোলরক্ষক রোমান ওয়েইডেনফেলার। এর কিছুক্ষণ পরে মান্ডজুকিচের আরেকটি হেড চলে যায় বার উঁচিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে পরিপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। প্রথমার্ধে তুলনামূলক রক্ষণাত্মক খেলতে থাকা বায়ার্ন দ্বিতীয়ার্ধে বেড়িয়ে আসে খোলস ছেড়ে। রোবেন-রিবেরি-শোয়েনস্টেইগারের কল্যাণে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে তারা। ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ষাট মিনিটে রিবেরির দারুণ এক পাস থেকে ফাঁকায় বল পেয়ে যান রোবেন। গোলরক্ষকের পাস থেকে তার বাড়ানো বলকে আলতো টোকায় জালে জড়িয়ে স্টেডিয়ামের লাল সমুদ্রে ঢেউ তোলেন মান্ডজুকিচ। তবে কিছুক্ষণ বাদেই সমতায় ফেরে ডর্টমুন্ড। বায়ার্নের গোলসীমানায় ডিফেন্ডার দান্তে প্রতিপক্ষ মিডফিল্ডার জিউসকে মারাত্মক ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। ঠাণ্ডা মাথায় গোল করেন ইলকে গানডোগান। জয়সূচক গোলের জন্য মরিয়া বায়ার্ন এরপর একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ের দিকে তখনই রোবেনের সেই গোল। রিবেরির ব্যাক পাস থেকে পাওয়া বলকে ঠাণ্ডা মাথায় জালে পৌঁছে দিয়ে আগের বছরের ভুলের প্রায়শ্চিত্ত করেন এ ডাচ। ম্যাচ শেষে রোবেনের কণ্ঠে আনন্দের পাশাপাশি স্বস্তির সুরটাও খুব বেশি করেই টের পাওয়া যাচ্ছিল। গত আসরের ফাইনালে চেলসির বিরুদ্ধে পেনাল্টি মিস করা এ তারকা বলেন, ‘পরাজিত ব্যক্তির সাইনবোর্ড কেউ লাগাতে চায় না। আপনিও চাইবেন না। এটা স্বপ্ন সত্যি হবার মতোই ব্যাপার।’ বায়ার্ন সাফল্যের অন্যতম কারিগর বাস্তিয়ান শোয়েনস্টেইগারের কাছেও এটা ছিল স্বপ্নের এক রাত। বহু বছরের সাধনার পর পঞ্চম শিরোপা হাতে পাওয়ার আনন্দে আত্মহারা এ তারকা বলেন, ‘এ দলের সাথে ট্রফিটা জয় করা স্বপ্ন সত্যি হবার মতো ব্যাপার। আমাদের শুরুটা ভাল হয়নি। তবে আমরা ফিরে আসতে পেরেছি।’ অন্যদিকে ডর্টমুন্ড অধিনায়ক ওয়েইডেনফেলারের কণ্ঠে ছিল কাছে এসেও না পাওয়ার হতাশা। তবে প্রকৃত অধিনায়কের মতোই হারের পরেও দলের উপর আস্থাই রাখলেন তিনি, ‘ম্যাচের প্রতিটি পদক্ষেপে বায়ার্নের সাথে পাল্লা দিতে পেরে আমি গর্বিত। এটা ছিল দুর্দান্ত একটা পারফরম্যান্স, তারপরেও আমরা ম্যাচের ফলকে নিজেদের পক্ষে নিতে পারিনি। এটা আসলেই হতাশাজনক কারণ চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে আমাদের পারফরম্যান্স ছিল সত্যি দারুণ। তবে আমাদের এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। আমরা পরের মৌসুমে আবারো চেষ্টা করবো।’