পেলে আর ম্যারাডোনা যদি একই ক্লাবে খেলতেন; আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা কী করতেন? দুইজন দুটি ভিন্ন যুগের ফুটবলার, তার ওপর উভয়ে খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন দুই মহাদেশে; তাই সমর্থকদের এমন ‘মুশকিল’ সামলাতে হয়নি। তবে এবার আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা বিপাকে পড়েই গেলেন। কারণ এখনকার ব্রাজিলের এক নম্বর তারকা নেইমার ও আর্জেন্টিনার এক নম্বর তারকা লিওনেল মেসি যে হয়ে গেলেন সতীর্থই।
হ্যাঁ, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নেইমার ডা সিলভা গত শনিবার নিজেই নিশ্চিত করেছেন, বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি। আজই বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের এক চুক্তি করে ফেলার কথা ব্রাজিলের এই উঠতি সুপার স্টারের। এই চুক্তির ভেতর দিয়ে নেইমারের জন্য ইউরোপের দীর্ঘকালের অপেক্ষার অবসান হল; বলা যায় নেইমারের সত্যিকারের পরীক্ষার জীবনও শুরু হল।
মাত্র একদিন আগেই নেইমারের ক্লাব সান্তোস নিশ্চিত করে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে নেইমারকে কেনার জন্য বড় অংকের অর্থের প্রস্তাব দিয়েছে। নেইমারের সিদ্ধান্ত জানানোর কথাও ছিল আজই। কিন্তু সে পর্যন্ত দেরি করলেন না ব্রাজিলের এই তরুণ তারকা।
নেইমার নিজের অফিশিয়াল টুইটারে শনিবার রাতে বলে দিয়েছেন, তিনি বার্সেলোনায় যোগ দিচ্ছেন। সোমবারই এই চুক্তি হচ্ছে বলেও জানিয়েছেন ব্রাজিলের এই প্লেমেকার। তিনি নিজেই টুইটার ও ইনসট্রাগাম অ্যাকাউন্টে এই খবর ফাঁস করে দিয়ে বলেছেন, ‘সোমবার পর্যন্ত খবরটা চেপে রাখতে পারলাম না। আমার পরিবারের সবাই আর বন্ধুরা জেনে গিয়েছে। তাই সবাইকেই জানাচ্ছি, আগামী সোমবার আমি বার্সেলোনার সঙ্গে চুক্তি সই করছি।’
নেইমারের বার্সেলোনা আগমনের খবর পেয়েই কাতালান ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘একবিংশ শতাব্দীর সম্রাট’ নেইমার হতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ক্রয়। নেইমারের সব অর্জন ও তার দক্ষতার ভূয়সী প্রশংসা করে বার্সার ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘পেলের আশীর্বাদধন্য এই তারকার খেলা চোখ চেয়ে দেখার মতো এবং অনেকেই বিশ্বাস করেন যে, নেইমার হতে যাচ্ছেন পেলের সত্যিকারের উত্তরসূরী।’
এমনকি নেইমারকে যার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করা হয়, সেই বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা মেসিও বলেছেন, ‘নেইমার আমাদের জন্য অসাধারণ এক সংযোজন।’
ক্যারিয়ারের এখন পর্যন্ত পুরো সময় ব্রাজিলের ঘরোয়া ফুটবলেই কাটানো নেইমার কতো অর্থের বিনিময়ে বার্সেলোনায় আসছেন, তা জানা যায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা বলছে অংকটা ৩৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার হবে!
অংকটা যাই হোক, সেটা বর্তমান বাজার দরে অনেক কম বলেই ফুটবল বিশ্লেষকরা বলছেন। কিন্তু কম-বেশি অর্থ যেমনই হোক, বার্সেলোনার সঙ্গে এই চুক্তির দুয়ারে পৌঁছাতে পেরে যারপরনাই আনন্দিত বার্সভক্ত নেইমার। তিনি বলেছেন, ‘বার্সেলোনার খেলার সৌন্দর্য, তাদের স্টাইল, মাঠভর্তি দর্শক সবসময়ই আমাকে পাগল করে দেয়।’
তবে বার্সেলোনার চেয়ে এই সময়ে ছেড়ে আসতে থাকা সান্তোস নিয়েই বেশি বলেছেন নেইমার। বারবার করে সান্তোস ভক্ত আর ক্লাবকে ধন্যবাদ দিয়েছেন, ‘সান্তোস ভক্তদের এই নয় বছর ধরে আমাকে সমর্থন দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ক্লাবের প্রতি আমার যে আবেগ, যে মনোভাব; তা কখনোই বদলাবে না।’
এদিকে সান্তোসের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই ক্লাবের সম্পদকে ধরে রাখতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করেছিল। কিন্তু ইউরোপের ধনী ক্লাবগুলোর সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করে পেরে ওঠেননি। সেই সঙ্গে ইউরোপের ফুটবলে নেইমারের সাফল্য পাওয়ার চেষ্টাকেও স্বীকৃতি দিয়েছেন তারা এবং শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, কম বেশি ২০০৯ সাল থেকে নেইমারের ইউরোপে আসা নিয়ে গুঞ্জন চলেছে প্রতি দল বদলেই। কখনো চেলসি, কখনো ম্যানচেস্টার ইউনাইটেড বড় প্রস্তাব দিয়েছে তাকে। সর্বশেষ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একসঙ্গেই প্রস্তাব দিয়েছিল।
শেষ পর্যন্ত সবাইকে হতাশ করে সেই বার্সেলোনাতেই ভিড়লেন নেইমার। আর পৃথিবী এবার তৈরি মেসি-নেইমারের মতো অভূতপূর্ব এক জুটিকে একই দলে খেলতে দেখার।
এক নজরে নেইমার
পুরো নাম: নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র
জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৯২; সাও পাওলো, ব্রাজিল
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি
পজেশন: ফরোয়ার্ড
ক্লাব: পর্তুগিজা সান্তিস্টা, সান্তোস, বার্সেলোনা
ক্লাব গোল: ৫৪ (১০২ ম্যাচ)
জাতীয় দল গোল: ২০ (৩২ ম্যাচ)
সাফল্য:সিরি-১ (৩ বার), কোপা দো ব্রাজিল (১ বার), কোপা লিবার্তোদোরেস (১ বার), রিকোপা (১ বার)
অর্জন:ফিফা গোল্ডেন বল নমিনেশন (২০১১, ২০১২), পুসকাস অ্যাওয়ার্ড নমিনেশন (২০১০, ২০১১, ২০১২), পুসকাস অ্যাওয়ার্ড (২০১১) বর্ষসেরা দক্ষিণ আমেরিকান ফুটবলার (২০১১, ২০১২), ওয়ার্ল্ড সকার বর্ষসেরা তরুণ ফুটবলার (২০১১)।
