প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ইংল্যান্ড থেকে আনা হোবার-কাভার অযত্নে পড়ে আছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক পাশে। ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সময় আনা পিচ ঢাকা এই যন্ত্রটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই (বিসিবি) রয়েছে নানানমুখি কথাবার্তা। বিসিবির গ্রাউন্ড এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলছেন, ‘এটা অত্যন্ত শীত পড়লে ব্যবহার করা হয়।’
আবার বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন, এর সঠিক ব্যবহারই জানে না বোর্ডের গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটি। তবে কাল টেলিফোনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান লোকমান হোসেন ভুঁইয়া বলেছেন, ‘আমার কাছে হোবার কাভারের অভিযোগ এসেছে। এটা গত কমিটির সময় আনা। তবে আমি এর বিস্তারিত পরে জানার চেষ্টা করবো। এটা কাজে লাগবে বলেই হয়তো আনা হয়েছে। এর সঠিক ব্যবহার যেন হয় সে ব্যবস্থাই করা হবে।’
জানা গেছে, গত কমিটি বিশেষ ব্যবস্থায় আগের সভাপতির নির্দেশে এটা আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বললেন ভিন্ন কথা, ‘দেড় কোটি টাকা ব্যয়ে এটা ইংল্যান্ড থেকে আনা হলেও মূলত এটা আনার জন্য বিশেষ কমিশনও প্রদান করা হয়েছিল। কার্যত বাংলাদেশের আবহাওয়ায় এটার ব্যবহার খুব কম বলে মিরপুর স্টেডিয়ামের একপাশে রেখে দেয়া হয়েছে। এর কোন যত্নও নেয়া হয় না।’
