৬৮ বছর বয়স; ২৪ বছরের কোচিং ক্যারিয়ার। বয়স আর অভিজ্ঞতা কোনটাই কম নয়। এরপরেও কোচিংয়েই থাকার আভাস দিলেন ইয়াপ হেইঙ্কস। শনিবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর এমনটাই জানালেন দলটির এই বিদায়ী কোচ।
বায়ার্ন মিউনিখের হয়ে এটাই ছিল তার শেষ মৌসুম। আগামী মৌসুমে সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে জায়গা ছেড়ে দিচ্ছেন তিনি। আর এই বয়সেও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং চালিয়ে যাওয়াটা বেশ কষ্টকরই। তবে, হেইঙ্কেসের ক্ষেত্রে বয়স কোন ব্যাপার না। তিনি জানালেন, আর যাই হোক না কেন, এখনই কোচিং ক্যারিয়ারের ইতি টানছেন না। তার ব্যাপারে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী শনিবার পর্যন্ত; সাংবাদিকদের তিনি এমনটাই বলেন, ‘কাপ ফাইনালের পর আমি কি করতে যাচ্ছি সেই ব্যাপারে আমি গত জুন মাসেই ভেবে রেখেছি। অবসর? না, এই ধরনের কোন সিদ্ধান্ত নিচ্ছি না। তবে, হ্যাঁ, আমার ব্যাপারে জানার জন্য কাপ ফাইনাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একই দেশের আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ফাইনালে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে বায়ার্ন মিউনিখ। আগামী সপ্তাহে জার্মান কাপের (ডিএফবি পোকাল) ফাইনাল জিতলেই ট্রেবল জয় হয়ে যাবে কোচ হেইঙ্কসের বায়ার্ন মিউনিখের। আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়লেন হেইঙ্কস। মাত্র চতুর্থ কোচ হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে জয় করলেন এই শিরোপা। এর আগে আর্নস্ট হ্যাপেল, ওটরাম হিটজফিল্ড ও হোসে মরিনহো এই অর্জনের দেখা পেয়েছেন।
আর বয়সটা যে হেইঙ্কসের কাছে কোন ঘটনাই নয়, সেটা বোঝা গেল জয়ের পর কোচের নাচ দেখেই। ইয়াপ হেইঙ্কস বলেন, ‘আমি আমার দলের সাথে উত্সব করছি; কারণ, শিরোপাটা তাদেরই অর্জন। আমি নিশ্চিত, আমাদের উত্সব সারারাত ধরেই চলবে।’
ফাইনালের ফলাফল যাই হোক না কেন হেইঙ্কসের কথায় মনে হল না দলের পারফরম্যান্স নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট, ‘পুরোটা সময়ই বরুশিয়া আমাদের চাপে রেখেছিল। আর ফেবারিট হওয়ায় ম্যাচের প্রথম ২০ মিনিটে আমাদের উপর একধরনের মানসিক চাপ কাজ করেছে। প্রথমার্ধে তাই আমরা নিজেদের খেলাটাই খেলতে পারিনি। তবে, বিরতির মধ্যে আমরা নিজেদের মধ্যে কিছু সংশোধন আনি; আর ম্যাচে ফিরে আসি।’
