বিপিএলে ম্যাচ ফিক্সিং

জড়িতরা গোয়েন্দা নজরদারিতে

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৬
সম্প্রতি ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশে আঘাত হানার পর অনেকটাই দুর্বল হয়ে ভারতে গিয়ে শেষ হয়। কিন্তু ক্রিকেটের ‘স্পট ফিক্সিং’ ঝড় ভারতে আঘাত হানার পর বাংলাদেশে আসতে একটুও দুর্বল হয়নি। বরং এটি আরো পরাক্রমশালী হয়ে এখানে ‘ম্যাচ ফিক্সিং’-এর ঝড় তুলেছে। এখন এই ঝড়ে বাংলাদেশের ক্রিকেটের পটভূমি হঠাত্ করেই যেন বদলে গেল। তাই দুদিন আগেও যে ক্রিকেটার মাঠে নামলে ষোল কোটি মানুষ পাশে থাকত, রানের জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলত, আজ তার পেছনে লেগেছে গোয়েন্দারা। ক্রিকেটারদের চলাফেরা, কথাবার্তার উপর চলছে কঠোর নজরদারি। এখানেই শেষ নয়, বড় অংকের টাকা দিয়ে ডেকে আনা হয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু)। তাদের রিপোর্ট পেলেই ঘটে যেতে পারে বড় কোন অঘটন। গ্রেফতার হতে পারেন অন্তত চারজন। এর মধ্যে তিন জন হলেন ক্রিকেটার। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। আইপিএলের আদলে অনুষ্ঠিত হওয়া বিপিএলের দুটি ম্যাচকে ঘিরেই গোয়েন্দাদের এত নজরদারি। আইপিএলের স্পট ফিক্সিং কেলেংকারি ‘আবিষ্কার’ করেছে দিল্লি পুলিশ। বাংলাদেশের পুলিশ অবশ্য এই ফিক্সিং ধরতে পারেনি, তাই বলে হাত-পা গুটিয়ে বসে নেই বাংলাদেশের গোয়েন্দারা। বিতর্কটি সামনে আসার পর সম্ভাব্য ‘অভিযুক্তদের’ উপর কঠোর নজরদারি শুরু করে দিয়েছে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়মিতই বিসিবির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যে কোন সময় গ্রেফতার হতে পারেন তিনজন ক্রিকেটারসহ চারজন। বিপিএলের একজন ফ্রাঞ্চাইজি মালিকও রয়েছেন এ তালিকায়। কিন্তু প্রভাবশালী এ মালিক ও ক্রিকেটারদের আটকে রাখার ক্ষেত্রে কোন আইন না থাকার কারণেই বিপাকে আছেন গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের কোন আইনে ‘ম্যাচ ফিক্সিং’ কিংবা ‘স্পট ফিক্সিং’ করা ক্রিকেটারকে আটকে রাখা সম্ভব নয়। শুধু দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘অনৈতিক’ অর্থ লেনদেনের ব্যাপারে তদন্ত করতে পারে। পাশাপাশি এ অপরাধে অপরাধীকে গ্রেফতার করার ক্ষমতাও আছে তাদের। কিন্তু এ ব্যাপারে তাদের কাছে দালিলিক তথ্য না থাকায় কিছু করতে পারছে না। তাছাড়া দুদক চাইলে পুলিশের সাহায্য নিতে পারে। তাই আইনের সীমাবদ্ধতায় নজরদারির বাইরে ‘আপাতত’ কিছু করছেন না গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুুদুর রহমান বলেন, ফিক্সিং বিষয়ে বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। সম্ভাব্য অভিযুক্তদের নজরে রাখা হচ্ছে, তাদের সময় হলেই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে অন্য একটি সূত্র মতে, আইনের সীমাবদ্ধতার কারণে ইচ্ছে থাকলেও অনেক কিছুই পুলিশ করতে পারছেন না। তবে বিসিবি মামলা করলেই ‘অ্যাকশনে’ যাবে গোয়েন্দারা। তখনই হতে পারে গ্রেফতার অভিযান। জানা গেছে, বিসিবির তরফে গোয়েন্দাদের আশ্বস্ত করে বলা হয়েছে আকসুর কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর শিগগিরই তারা মামলা করবে। এখন অপেক্ষায় থাকতে হচ্ছে আকসুর প্রতিবেদনের জন্য।