কাল সারাদিন ধরে গুঞ্জন ছিল—বিকালের সংবাদ সম্মেলনে হয়তো পদত্যাগ করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার একটি হোটেলে সেই নির্ধারিত সংবাদ সম্মেলনে অনেক কথা বললেও পদত্যাগ অন্তত করলেন না বিতর্কের মুখে পড়ে যাওয়া ইন্ডিয়া সিমেন্ট ও চেন্নাই সুপার কিংস দলের এই মালিক। তবে সংবাদ সম্মেলনে বললেন, তার গ্রেপ্তার হওয়া জামাতা গুরুনাথ মেইয়াপ্পানের সঙ্গে চেন্নাই দলের সম্পর্ক খতিয়ে দেখতে একটি স্বাধীন কমিশন গঠন করছে বিসিসিআই। আর সে কমিশনে তিনি হাত দেবেন না বলেই কথা দিলেন বিসিসিআই সভাপতি!
এদিকে জামিনের আবেদন করেছেন এই স্পট ফিক্সিং ঘটনার শুরুতেই গ্রেপ্তার হওয়া দুই ক্রিকেটার শ্রীশান্থ ও অনিকেত চাভান। চাভান এখন রিমান্ড শেষে হাজতে আছেন। আর শ্রীশান্থ ও আরেক অভিযুক্ত চান্দিলা আছেন আরও দু’দিনের রিমান্ডে। জামিনের আবেদনে চাভান বলেছেন, ২ জুন তার বিয়ের তারিখ ঠিক হয়ে আছে। দু’জনেরই জামিনের আবেদনের ওপর এ মাসের ২৮ তারিখ শুনানি হবে।
তবে এসবের মধ্যে আসল আলোচ্য হয়ে উঠেছেন শ্রীনিবাসন। তারই জামাতা, তারই প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টের অন্যতম কর্মকর্তা এবং তারই মালিকানাধীন দলের ‘টিম প্রিন্সিপাল’ মেইয়াপ্পান গ্রেপ্তার হওয়ায় শ্রীনিবাসনকে নিয়ে বিতর্ক জমে ওঠে। বলা হয়, আইসিসির ‘ল অব এথিকস’ অনুযায়ীও শ্রীনিবাসনের এই পদে থাকা উচিত না। ভারতের সাবেক-বর্তমান শীর্ষস্থানীয় ক্রিকেট সংগঠক ও রাজনীবিদ এসি মুত্থিয়া, শরদ পাওয়ার, সুব্রত রায়রা সরাসরি বলেছেন, শ্রীনিবাসনের পদত্যাগ করা উচিত।
এমন অবস্থায় আইপিএল ফাইনাল উপলক্ষে বিসিসিআইয়ের সব কর্মকর্তা কলকাতায় হাজির হয়েছিলেন এবং সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক আইসিসি ও বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। সবাই মনে করছিলেন, এই সভার পরই পদত্যাগ করতে পারেন শ্রীনিবাসন।
কিন্তু সংবাদ সম্মেলনে শ্রীনিবাসন পরিষ্কার বললেন, ‘আমি কেন পদত্যাগ করবো? আমি কোনো অন্যায় করিনি। আমি জানিই না, কে কী করেছে। আমি যেহেতু ভালোভাবে কাজ করছি। আমার পদত্যাগের প্রশ্ন আসে না।’
এরপর শ্রীনিবাসন জানান, তার জামাতার সঙ্গে চেন্নাই সুপার কিংয়ের আসল সম্পর্কটা কী, সেটা খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি করা হবে। এর মধ্যে দু’জন হবেন বোর্ড মনোনীতদের মধ্যে যে কেউ। এই মনোনীতরা হলেন—আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা, বিসিসিআইয়ের সহ-সভাপতি অরুণ জেটলি, কোষাধ্যক্ষ অজয় সিকরে, সচিব সঞ্জয় জাগদালে, সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। আরেক জন সদস্য আসবেন এর বাইরে থেকে নিরপেক্ষ কেউ।
কিন্তু প্রশ্ন ওঠে যে, এই কমিটি শ্রীনিবাসনের উপস্থিতিতে তার জামাকে নিয়ে নির্ভয়ে সততার সঙ্গে কাজ করতে পারবে কি না। শ্রীনিবাসন কথা দেন, ‘আমি এই কমিশনের গঠন, অধিকার বা কর্মতত্পরতায় কোনোরকম হস্তক্ষেপ করবো না বলে কথা দিচ্ছি।’
তবে শুরুতেই বোঝা গেল, তার এই ‘নিরপেক্ষতা’ কথার কথা মাত্র। কারণ পুরো সংবাদ সম্মেলন ধরে তিনি বোঝানোর চেষ্টা করলেন, চেন্নাই দলের সঙ্গে আসলে মেইয়াপ্পানের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন প্রমাণ প্রসঙ্গে কথা ওঠায় ক্ষিপ্ত প্রতিক্রিয়াও দেখিয়েছেন কয়েক বার। পারলে যেন মেইয়াপ্পান লোকটাকেই অস্বীকার করতেন শ্রীনিবাসন। তা না পারলেও বললেন, ‘আমি যতোদূর জানি, ও সিএসকে দলের কেউ না। উত্সাহী মানুষ বলে দলের সঙ্গে ঘুরত, মাঠে যেত।’ একইসঙ্গে বোর্ডের মধ্যে তার ওপর পদত্যাগের কোনো চাপ আছে, এই কথাও অস্বীকার করেছেন শ্রীনিবাসন।
