হকি খেলোয়াড়দের দলবদল জুলাইয়ে

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৮
প্রিমিয়ার হকি লিগের খেলোয়াড়দের দলবদল জুনের পরিবর্তে জুলাইয়ে অনুষ্ঠিত হবে। গত শনিবার রাতে বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর সাথে লিগের ক্লাবগুলোর বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। সম্প্রতি খেলোয়াড়রা দলবদলের জন্য আন্দোলন করে এশিয়ান কাপের ক্যাম্প বর্জনের হুমকি দিয়েছিল। এ প্রেক্ষিতে অচলাবস্থা দেখা দিলে সর্বশেষ এ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২-৪ জুলাই হকি খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে। এতেও খুশি খেলোয়াড়রা। ফেডারেশন সভাপতির সাথে ক্লাবগুলোর প্রতিনিধির বৈঠক শনিবার রাত ৯টায় শুরু হয়ে শেষ হয় ১১টায়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলবদলের দিনক্ষণ চূড়ান্ত করা। ফেডারেশন সভাপতি চাইছিলেন নির্বাচনের কারণে জাতীয় দলের কার্যক্রম যেন থমকে না থাকে। কারণ আগস্টে এশিয়া কাপ হকি হবে মালয়েশিয়ায়। এটি বাংলাদেশের হকির জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এদিকে দলবদলের তারিখ চূড়ান্ত হলেও জাতীয় দলের ক্যাম্প কবে শুরু হবে সেটা চূড়ান্ত হয়নি।