ঘাতকের শাস্তি চেয়ে দেশজুড়ে মানববন্ধন

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:৪৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ঢাকা মেডিক্যাল কলেজ শাখার নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল মানববন্ধনে বক্তব্য রাখেন।  কল্যাণপুরে মানববন্ধনে নিহত শাহিনুর আক্তার তানিয়ার সহকর্মীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে মানববন্ধনে চিকিত্সক, নার্স ও ইবনে সিনা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এদিকে, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। অন্যদিকে, শহরের কালীবাড়ি মোড়ে জেলা মহিলা পরিষদের উদ্যোগে আরেকটি মানববন্ধন হয়। এতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ভৈরবেও মানববন্ধন হয়েছে। প্রথম আলো বন্ধু সভা, ভৈরব শাখার উদ্যোগে সকালে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধনে স্থানীয় হাসপাতালের চিকিত্সক, নার্সসহ সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।