হকিতে ভারতীয় কোচ আনার নেপথ্যে

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৮
পৃষ্ঠপোষকদের কাছ থেকে অর্থের প্রতিশ্রুতি মিলেছিল। তারপরও পছন্দের কাউকে না পাওয়ায় এবং দীর্ঘ মেয়াদে ইউরোপীয়রা বাংলাদেশে আসতে না চায় না বলেই ভারতের একে (অজয় কুমার) বানসালকে জাতীয় দলের কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে। তিনি জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন। বাংলাদেশ হকি ফেডারেশনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। হকি ফেডারেশনের এডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, তারা পছন্দের কোচ পাননি। তাছাড়া ইউরোপীয়ান কোচ পেতে হলে ১২ হাজার ডলার বেতন দিতে হবে। সে তুলনায় ভারতের জাতীয় জুনিয়র দলের সাবেক কোচ বানসালের জন্য ব্যয় হবে তিন হাজার ডলার করে। এসব তথ্য জানানোর পাশাপাশি ফেডারেশন সম্পাদক বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য কোনো ইউরোপীয়ান কোচ দায়িত্ব গ্রহণ করতে চায় না। আমরা চার হাজার ডলার পর্যন্ত বেতন দিতে চেয়েছিলাম।’ হকি ফেডারেশনকে জনতা ব্যাংক ৯০ লাখ টাকা দিয়েছে বিদেশি কোচ এবং জাতীয় দলের খরচাদির জন্য। যদিও সেসময় ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইউরোপীয়ান কোচ আনা হবে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের এই কোচের অধীনেই জাতীয় দলের এশিয়ান কাপ প্রস্তুতি শুরু হবে। জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে জানতে চাইলে খাজা রহমতউল্লাহ বলেন, ফেডারেশন সভাপতির সাথে কথা বলে ক্যাম্প ডাকা হবে। তবে তাকে দিয়ে বয়সভিত্তিক দলগুলোকেও ফেডারেশনের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি। উল্লেখ্য, একে বানসাল দায়িত্ব নিলে তিনি হবেন জাতীয় দলের পূর্ণকালীন দায়িত্বে ষষ্ঠ বিদেশী কোচ।