আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ, দিদি

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:৫৪

ভারতের লোকসভা নির্বাচনে শেষ দুই ধাপের ভোটগ্রহণ বাকি। শেষ পর্যায়ে এসে নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে কথা লড়াইও। দুই দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গণতন্ত্রের কড়া থাপ্পড় মারতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবার ভদ্র ভাষায় মমতাকে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি নিজেই। তিনি মমতাকে বলেছেন, দিদি, আপনার থাপ্পড় আমার জন্য আশীর্বাদস্বরূপ।

গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জনসভায় মোদি বলেন, আমি শুনলাম দিদি আমাকে চড় মারবেন। আমি আপনাকে দিদি বলে ডাকি, শ্রদ্ধা করি। তাই ওই চড় আমার কাছে আশীর্বাদের মতো। তবে আপনি যদি তোলাবাজদের (চাঁদাবাজদের) চড় মারার সাহস দেখাতেন তাহলে ভালো হতো। যারা চিটফান্ডের মাধ্যমে গরিবের টাকা লুট করে তাদেরও যদি চড় মারতেন তো ভালো হতো। উল্লেখ্য, গত মঙ্গলবার পুরুলিয়ার এক জনসভায় মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গে এসে ‘মোদি বাবুরা’ তৃণমূলকে ‘তোলাবাজ’ বললে ইচ্ছা করে ‘গণতন্ত্রের থাপ্পড়’ দিতে।

অন্যদিকে কংগ্রেসেরও ব্যাপক সমালোচনা করে চলেছেন মোদি। রাজীব গান্ধী ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে পার্টি করেছিলেন বলে অভিযোগ তুলেছেন তিনি। এর আগে রাজীব গান্ধীকে এক নম্বর দুর্নীতিবাজ বলেছিলেন মোদি। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

রাহুলের নাগরিকত্ব নিয়ে আবেদন খারিজ

এদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা একটি আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্ত রাহুলকে খানিকটা স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দিল্লির দুই বাসিন্দার করা ওই পিটিশনটি খারিজ করে দেন।

জয় ভগওয়ান গয়াল ও চন্দ্র প্রকাশ ত্যাগী নামে দুই ব্যক্তি তাদের আবেদনে কংগ্রেস সভাপতি ব্রিটিশ নাগরিক কিনা, আমেথি ও ওয়েনাদ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবেন কিনা এসব বিষয়ে সরকারকে নির্দেশনা দিতে সর্বোচ্চ আদালতকে অনুরোধ জানিয়েছিলেন।