সাতকানিয়ায় ‘আল্লাহর দল’ এর ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:২২

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- নাটোর সদর থানার উত্তর চৌকিদারপাড় পৌরসভা ১নং ওয়ার্ড এলাকার আব্দুল জলিল প্রামাণিকের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার করোনা ৭ নং হাজিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড এলাকার আবু তাহের প্রকাশ রফিকুল হোসেন মেকারের ছেলে মো. শামসাদ (২৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার রংমহল ৯ নং ওয়ার্ড এলাকার রমজান আলীর ছেলে জিয়াবুল করিম (২৩), একই জেলার চকরিয়া থানার কাঁকড়া পুলের ছড়া ২নং ওয়ার্ড এলাকার মো. শফির ছেলে সাইফুল ইসলাম (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী বাজার এলাকায় স্থানীয় লোকজন বহিরাগত সন্দেহভাজন ৪ যুবককে আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করলে তারা ‘আল্লাহর দল’ নামক একটি সংগঠনের প্রধান মতিন মেহেদীর আদর্শে বিশ্বাসী বলে স্বীকার করে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা জানান, ২০০৫ সাল থেকে আসামি আমিনুল মতিন মেহেদীর আদর্শ বাস্তবায়নের কাজ করছে। সে জামালপুর, শেরপুর, ফেনী, কুমিল্লায় কাজ করেছে। সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে সে সাতকানিয়া, চকরিয়া ও লোহাগাড়ায় ‘আল্লাহর দল’ প্রধানের দায়িত্ব পালন করছে।

ইত্তেফাক/বিএএফ