ঈদের আগে অযান্ত্রিক যান বন্ধ থাকবে ২২ মহাসড়কে

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৩২

আসন্ন ঈদুল ফিতরের সময় মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজা সমূহের সকল বুথ চালু রাখা হবে। কঠোরভাবে বাস্তবায়ন করা হবে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঈদে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে প্রস্তুতি সভা শেষে একথা জানান সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম ।

তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর সড়ক-মহাসড়ক অপেক্ষাকৃত ভালো। তাই এবার ঘরে ফেরা মানুষের যাতায়াত স্বস্তিদায়ক হবে। ঈদের আগে ৭দিন এবং  ঈদের পর  ৫ দিন পর্যন্ত (মোট ১২ দিন) ২৪ ঘণ্টা খোলা থাকবে সারাদেশের সিএনজি স্টেশন। এছাড়া ঈদ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওই সময় মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) ২৪ ঘণ্টার জন্য খোলা হবে কন্ট্রোল রুম। প্রতি বছরের মতো এবারও ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ সড়কে পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এবারে বিআরটিসির বহরে যুক্ত হবে নতুন কেনা আরও দেড় শতাধিক বাস। এছাড়া কোথাও যানজট কিংবা পরিবহনের সংকট দেখা দিলে তাত্ক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় বিআরটিসির অতিরিক্ত বাস  প্রস্তুত  রাখা হবে।

তিনি আরো জানান, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব শ্রেণীর মহাসড়কের মেরামত কাজ ঈদের ৭ দিন আগে শেষ করা হবে। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট কার্যকর থাকবে।

সচিব নজরুল ইসলাম বলেন, যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে রাজধানীর টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভিজিল্যান্স টিম কার্যকর থাকবে। ঈদের আগের দিন যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে গার্মেন্টস কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ’কে অনুরোধ করা হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজাগুলোতে সব বুথ চালু রাখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ঈদের আগে তিনদিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকলেও  নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, গার্মেন্ট সামগ্রী, পচনশীল দ্রব্য, ওষুধ এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।