গভীর রাতে কালবৈশাখী ঝড়ে কেন্দুয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের অন্তত অর্ধশত কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কয়েকটি গ্রামের উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার রামনগর, রামপুর, চন্দপাড়া, ভূগিয়া, ভগবতীপুর, ঘুষখিলা, হাসুয়ারী, পাড়াদুর্গাপুরসহ আরো কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আল হেলাল দাখিল মাদ্রাসা ও রহমান আরাবিয়া মাদ্রাসা নামে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনও রুহুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
