বৃষ্টির কারণে একদিন দেরী হলেও জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেন যাত্রা শুরু করলেন টুর্নামেন্টের তিন নম্বর বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। গতকাল বুধবার আজারেঙ্কা সরাসরি সেটে পরাজিত করেন রাশিয়ার এলেনা ভেসিনাকে। এর আগে গত মঙ্গলবার পুরুষ এককে নোভাক জোকোভিচ তার বৃষ্টি বিলম্বিত প্রথম রাউন্ড ম্যাচে ৭-৬ (৫), ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ডেভিড গফিনকে।
অস্ট্রেলিয়ান ওপেনের গত দুই আসরের চ্যাম্পিয়ন আজারেঙ্কা চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেই শুধু খেলতে পারেননি। সেই দুঃখ ভুলতে মরিয়া এই বেলারুশ তারকার প্রতীক্ষাটা আরেকটু দীর্ঘই হলো।
টুর্নামেন্টের প্রথম দুই দিনে শীর্ষ বাছাইদের প্রায় সবার ম্যাচ হয়ে গেলেও বৃষ্টির উত্পাতে গত মঙ্গলবার কোর্টেই গড়াতে পারেনি আজারেঙ্কার ম্যাচটি। বৃষ্টি ছিল গতকালও। তবে তার মধ্যেই প্রায় দর্শকশূন্য কোর্টে ভেসিনাকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দেন এই তারকা।
বরাবরের মতোই এদিনও বেস লাইন থেকে মারা আজারেঙ্কার শটগুলো দারুণ কার্যকর। যার কোন জবাব ছিল না ৩৮তম বাছাই ভেসিনার কাছে। এ পরাজয়ের ফলে শীর্ষ পাঁচ খেলোয়াড়ের বিরুদ্ধে এই রাশিয়ানের রেকর্ড দাঁড়াল ১-১৯।
অন্যদিকে পুরুষ এককে নিজের প্রথম ম্যাচে জয়টা মোটেই জোকোভিচের। উইম্বল্ডন এবং অস্ট্রেলিয়ান ওপেনের মতো সেন্টার কোর্টে ছাদের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ জোকোভিচ ম্যাচ শেষে আবারও সমালোচনা মুখর হয়েছেন আয়োজকদের বিরুদ্ধে। জোকোভিচ প্রশ্ন তুলেছেন স্টেডিয়ামের লাইটিং ব্যবস্থার উপরেও। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পরে খেলা শুরু হলেও কিছুক্ষণ বাদেই বৃষ্টির বাধায় আবারো ছেদ পড়ে খেলায়। তবে আবহাওয়া এবং তরুণ প্রতিপক্ষের বাধা উপেক্ষা করে তিন সেটের ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছেন এই সার্বিয়ান। জয়ের পরে তিনি বলেন, ‘এটা কঠিন একটা দিন ছিল। কারণ আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলাম। আমার মনে হয়, আজ কমপক্ষে পাঁচ-ছয় বার ওয়ার্মআপ করেছি। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার পরিকল্পনা এবং কৌশলগুলোকে কিছুটা পরিবর্তন করে নিতে হবে। কারণ রৌদ্রোজ্জ্বল এবং শুকনো আবহাওয়ার চাইতে এটা একেবারেই আলাদা।’
রোলা গ্যারোতে নিজের প্রথম শিরোপা জিততে বদ্ধপরিকর জোকোভিচ প্রশংসা করেছেন তার তরুণ প্রতিপক্ষের হার না মানা মানসিকতারও। তিনি বলেন, ‘দারুণ একটা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে তার সামনে। বোঝাই যায়, এখানে খেলাটা সে দারুণ পছন্দ করে। আর বড় ম্যাচগুলোর জন্য সে মুখিয়ে থাকে।’ এদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে প্রথম রাউন্ড থেকেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ান বার্নার্ড টমিচ। ভিক্টর হানেস্কুর বিরুদ্ধে ৭-৫, ৭-৬, ২-১ গেমে পিছিয়ে থাকা অবস্থায় এ বছরের জন্য রোলা গ্যারোকে বিদায় জানাতে বাধ্য হন তিনি।
তবে প্রত্যাশিত জয় পেয়েছেন নবম বাছাই স্তানিস্লাস ওয়াওরিঙ্কা, দ্বাদশ বাছাই টমি হাস এবং গ্রিগর দিমিত্রভও। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় রাউন্ডেই দিমিত্রভ আবারো মুখোমুখি হবেন জোকোভিচের। মাত্র সপ্তাহ দুয়েক আগেই মাদ্রিদ ওপেনে বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়েছিলেন তিনি। দিমিত্রভকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এ ধরনের বড় ম্যাচের জন্য আমি সব সময়ই অপেক্ষা করে থাকি।’
