খেলোয়াড়রা প্রস্তুত হওয়ার আগেই কোচ ওয়াসিম ইকবাল অনুশীলন মাঠে নেমে গেলেন। কিভাবে তালিম দেবেন সহকারী কোচ মোশারফ বাদলকে নিয়ে তারই পরিকল্পনা করছিলেন মাঠে দাঁড়িয়ে। দুই দিন হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন দেশের এক সময়ের তারকা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবাল। তার অধীনেই সুপার কাপের প্রস্তুতি নিতে প্রশিক্ষণ শুরু করেছে দলটি।
ক্লাবের সভাপতি মঞ্জুর কাদেরের নতুন চমক ওয়াসিম ইকবালের আবার কোচ হিসেবে মাঠে ফেরা। সাবেক এই ফুটবলারকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে চান তিনি। আপাতত সুপার কাপ টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছেন ওয়াসিমকে। দুই মৌসুম পর আবার ফুটবল মাঠে নামলেন কোচ ওয়াসিম। গতকাল ক্লাব মাঠে অনুশীলনে নামার আগে কথা হয় এই তারকার সাথে। জানতে চাইলে বলেন, আমি তো কোচিংটা পেশা হিসাবে নেইনি। কাদের ভাই দায়িত্ব দিলেন। তাই আসলাম।’
৯২ সালে ফুটবল ক্যারিয়ার সমাপ্তের পর দীর্ঘদিন ফুটবল থেকে দুরে সরে ছিলেন ওয়াসিম। এরপর দীর্ঘ সময় ফুটবল অঙ্গনে পা মাড়াননি তিনি। সব সময় নিজেকে লুকিয়ে রেখেছেন। প্রচারবিমুখ এই সাবেক ফুটবলারকে ২০০৮ সালে প্রথমবার মাঠে দেখা গেল ব্রাদার্সের কোচ হিসাবে। প্রতিযোগিতামূলক খেলায় কোচ হিসাবে সেটিই ছিল তার ক্যারিয়ারের শুরু। তিন বছর দায়িত্ব পালনের পর আবার সরে গেলেন দূরে।
নিজেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন জাতীয় দলের সাবেক উইংগার ওয়াসিম। পায়ের অসাধারণ কারুকাজে দর্শককে মুগ্ধ করা ওয়াসিমের নিজের প্রচার-প্রচারণা এক দমই পছন্দ না। সংবাদ মাধ্যমকে একটু এড়িয়েই চলেন তিনি। কিন্তু কেন ? হাসতে হাসতে বলছিলেন, ‘দূরে থাকলে কোনো দোষ থাকে না।’ দুই বছর ফুটবল থেকে দূরে সময়টা কেমন কেটেছে জিজ্ঞেস করলে বলেন, ‘ভালো। বন্ধু, পরিবার আর কাজ নিয়ে সময় গেছে’। শেখ জামালকে নিয়ে ওয়াসিম বলেন, আমি মাত্র হাতে নিয়েছি। এখনই বলা যাবে না। একটু সময় দিন আমি বলব। তবে এইটুকু বলতে পারি আমি একটা টার্গেট করি ভালো কিছু করার জন্য।’
ওয়াসিমের ফুটবল ক্যারিয়ারের বেশি সময়টা কেটেছে পাড়ার দল ব্রাদার্সে। ৮৮, ৮৯ দুই মৌসুম আবাহনীর জার্সি গায়ে খেলে আবার ব্রাদার্সে ফিরেছেন। অনেক বড় মাপের ফুটবলার ছিলেন তিনি। শেখ মোঃ আসলাম সব সময় বলতেন, ‘ওর মতো ন্যাচারাল ট্যালেন্ট বাংলাদেশের ফুটবলে আর আসবে না।’
এখনকার খেলোয়াড়রা পারিশ্রমিক ছাড়া কথা বলেন না। ওয়াসিম তার ক্যারিয়ারে ছিলেন উল্টো। পারিশ্রমিক নিয়ে কখনো বৈঠক করেননি। আবাহনীকে কথা দিয়েছিলেন, সমর্থকদের চাওয়া পূরণ করতে দুই মৌসুম খেলে দিয়েছেন। আশির দশকে এদেশের রমরমা ফুটবলে অর্থের ছড়াছড়ি হাতছানি দিয়েছিল ওয়াসিমকেও। কিন্তু কখনো মোহবিষ্ট হননি তাতে। এসব প্রসঙ্গে তার বক্তব্য,‘এটা আমার জন্মগত স্বভাব। ফুটবল ক্যারিয়ারে কখনো অর্থের পেছনে ছুটিনি। কারণ আমার খুব চাওয়া-পাওয়া ছিল না।’
