সাবেক অধিনায়ক স্টিভ টিকোলোকে কেনিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ নিয়োগ দেয়া হয়েছে। ২০১২ সালে মাত্র এক বছর উগান্ডা দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা টিকোলো সাবেক সতীর্থ খেলোয়াড় জোসেফ আঙ্গারার স্থলাভিষিক্ত হবেন।
টিকোলোর উদ্ধৃতি দিয়ে স্থানীয় ‘স্টার’ পত্রিকা জানায়, ‘খেলোয়াড়দের মধ্যে মেধার কোন অভাব নেই এবং যে কোন কোচের জন্যই মেধা গুরুত্বপূর্ণ। আমি জানি অনেক কাজ করতে হবে। তবে আমি তাদের সঙ্গে বেশ কঠোর পথে এগুবার জন্য প্রতিজ্ঞ।’
টিকোলো খেলোয়াড়ী জীবনে ১৩৪ ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরিসহ মোট ৩৪২১ রান করেছেন।-বাসস
