হকির সংকট

সভাপতির সাথে কথা বলতে চান খেলোয়াড়রা

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৩৬
হকির চলমান জটিলতার সমাধানে জাতীয় দলের খেলোয়াড়রা ফেডারেশন সভাপতির সাথে আলোচনা করতে চান। তারা মনে করেন, সভাপতির সাথে বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। গতকাল হকি স্টেডিয়ামে জাতীয় দলের আন্দোলনরত খেলোয়াড়রা বললেন, ‘আগে সভাপতির সাথে আমরা আলোচনা করতে চাইলে ফেডারেশন থেকে সে সুযোগ দেয়া হয়নি। অথচ উনি (সভাপতি) আমাদেরকে সবসময়ই সময় দিয়েছেন। আমাদের সমস্যার কথা শুনেছেন। সমাধানের চেষ্টা করেছেন।’ এই দেখা করতে চাওয়ার কারণ আরেকটু ব্যাখ্যা করে জাতীয় দলের তারকা জিমি বললেন, ‘গুজব ছড়ানো হচ্ছে, আমরা নাকি ফেডারেশন সভাপতির পদত্যাগ দাবি করেছি। এটা সম্পূর্ণ অসত্য। আমরা কখনোই এমনটা দাবি করিনি। আমাদের দাবি বিকৃত করা হচ্ছে।’ এর আগে জাতীয় দলের খেলোয়াড়রা দাবি জানিয়েছিলেন দলবদলের তারিখ ঘোষণা করার জন্য। ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী ক্লাবগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন ২ থেকে ৪ জুলাই দলবদল হবে; কিন্তু এই খেলোয়াড়রা বলছেন, সাধারণ সম্পাদকের কাছে ‘তারা দলবদলের তারিখ পরিবর্তন হবে না’ এমন লিখিত চেয়েছিলেন। কোনো বড় দল সব খেলোয়াড় বিকেএসপি থেকে নিতে পারবে না এবং বিদেশি খেলোয়াড়দের কোটা কমাতে হবে; এমন দাবিও ছিল খেলোয়াড়দের। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন খেলোয়াড়দের দাবি নিয়ে সভাপতির সাথে কথা বলবেন। জিমি কাল বিকালে বলেছেন, ‘উনি (সাধারণ সম্পাদক) আপনাদের কাছে এক কথা বলেছেন। আর আমাদেরকে বলেছেন দাবি মানবেন না। আমরা প্রথমে বলিনি তার অধীনে খেলব না। বৈঠকে আলোচনা করে দাবি জানিয়েছি। উনি প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। যে কারণে আমরা তার রুম থেকে বাইরে এসে বলেছি এই সাধারণ সম্পাদকের অধীনে খেলব না। এ কথা আগেও বলেছি, এখনো বলছি। আমরা সভাপতির পদত্যাগ চাইনি। আমাদের বক্তব্য নিয়ে রাজনীতি হচ্ছে। এটা কাম্য নয়।’