প্রিমিয়ার ক্রিকেট লিগ

খসড়া গ্রেডিং জমা দিলো ক্লাবগুলো

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৩৭
এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে সবচেয়ে আলোচিত শব্দ—গ্রেডিং। এই গ্রেডিং পদ্ধতি নিয়েই যতো আপত্তি ও আলোচনা। শেষ পর্যন্ত খেলোয়াড়দের কেনা-বেচার গ্রেডিংটা কী হবে, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ঠিক করবে। তবে ঢাকার ক্লাবগুলো আগের প্রতিশ্রুতি মতো একটা খসড়া গ্রেডিং তালিকা জমা দিয়েছে। সর্বোচ্চ ২০ লাখ এবং সর্বনিম্ন আড়াই লাখ টাকার ক্যাটাগরি রেখে গ্রেডিংয়ের প্রস্তাব দিয়েছে প্রিমিয়ার লিগের বারোটি ক্লাব। ১৮৪ জন খেলোয়াড়কে ছয় ক্যাটাগরিতে ভাগ করে গতকাল বুধবার ক্লাবগুলো ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কাছে জমা দিয়েছে। প্রস্তাবিত পারিশ্রমিক অনুযায়ী শীর্ষ চারজন খেলোয়াড় পাবেন ২০ লাখ টাকা করে। আর জাতীয় দলে যারা খেলেছেন তাদের মধ্যে ২০ জন ক্রিকেটারকে দেয়া হবে ১৫ লাখ টাকা। তবে এই পারিশ্রমিকের অংক বিসিবি’র হস্তক্ষেপে বাড়তে পারে বলে জানা গেছে। জানা গেছে, বিসিবি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিকের অংক ৩০ লাখ করতে চায়। তবে শেষ পর্যন্ত ক্লাবগুলোর প্রস্তাবিত পারিশ্রমিকের সাথে সামঞ্জস্য রেখে তা ২৫ লাখ টাকা হতে পারে বলেও শোনা গেল। এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস কোন মন্তব্য করতে চাইলেন না, ‘বোর্ড সভাপতি ঢাকায় এসেছেন। তার সাথে কথা বলে দুই-একদিনের মধ্যে খেলোয়াড়দের গ্রেডিং পদ্ধতি ঠিক করে ফেলবো।’ ক্লাবগুলোর প্রস্তাবিত গ্রেডিং অনুযায়ী ‘এ প্লাসে’ রয়েছে চারজন ক্রিকেটার—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন। এরপর রয়েছে যথাক্রমে এ, বি-প্লাস, বি, সি এবং ডি গ্রেডিং রাখা হয়েছে। এসব গ্রেডিংগুলোতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫, ১০, ৮, ৫ ও ২.৫ লাখ টাকা করে। যদিও বোর্ড চাচ্ছে সর্বনিম্ন পারিশ্রমিক তিন লাখ টাকা রাখতে। প্রথম চারজন খেলোয়াড় ছাড়া জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে গ্রেডিং এ’তে, ২৪ জন খেলোড়কে গ্রেডিং বি-প্লাসে, ১২জন খেলোয়াড়কে গ্রেডিং বি’তে রাখার প্রস্তাব এসেছে ক্লাবগুলোর কাছ থেকে। বাকি ৬০জন খেলোয়াড়কে গ্রেডিং সি ও ডি’তে সমানভাগে ভাগ করে দেয়ার প্রস্তাব এসেছে। এর বাইরে ৬৪ জন খেলোয়াড়কে কোন গ্রেডিংয়ে রাখতে চাচ্ছে না ক্লাবগুলো। এর কারণ ব্যাখ্যাও দিয়েছেন তারা। নামপ্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা বলেন, ‘কিছু খেলোয়াড় আছে, যাদেরকে আমরা ৫০-৬০ হাজার টাকায় কিনতে পারবো। তাদেরকে যদি গ্রেডিং ডি’তে রেখে দেই, তাহলে ক্ষতি হবে আমাদেরই। তাই বোর্ডকে অনুরোধ করা হয়েছে যেন ৬৪ জন খেলোড়কে ফ্রি করে দেয়া হয়।’ এক ক্লাব কর্মকর্তা বলেছেন, ‘আমরা অনেক চিন্তা-ভাবনা করে ১৮৪ জন খেলোয়াড়ের গ্রেডিং পদ্ধতি ঠিক করেছি। বাকিটা বোর্ডের উপর নির্ভর করছে। এই পারিশ্রমিক নির্ধারণ করলে খেলোয়াড়দের তেমন ক্ষতি হবে না।’