বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান স্পট ফিক্সিংয়ে তার নামও এসেছে। যতোদূর জানা গেছে, আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু নিজেকে জড়িয়ে সব অভিযোগই অস্বীকার করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ ও ঢাকা গ্লাডিয়েটর্স দলের কোচ ইয়ান পন্ট। ব্রিটিশ পত্রিকা দ্য টেইলিগ্রাফের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পন্ট বলেছেন, তিনি আইসিসিকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।
বাংলাদেশ দলের দায়িত্বে থাকা অবস্থায়ই প্রথম বিপিএলে ঢাকা গ্লাডিয়েটর্সের কোচ হিসেবে কাজ করেছেন পন্ট। পরে বাংলাদেশ দলে আর চাকরি না করলেও দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন দলের দায়িত্বে ছিলেন। দলকে চ্যাম্পিয়ন করলেও অভিযোগ ওঠে যে, ঢাকা দল জেনে-বুঝে চিটাগং কিং ও বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচ দুটো ছেড়ে দিয়েছে। এ অভিযোগে প্রধান সন্দেহভাজন হয়ে উঠেছেন মোহাম্মদ আশরাফুল। বলা হচ্ছে, ওই দুই ম্যাচে ঢাকার ভারপ্রাপ্ত অধিনায়ক আশরাফুল আকসুর জেরায় নিজের বিরুদ্ধে অভিযোগ স্বীকারও করে নিয়েছেন।
কিন্তু পন্ট অন্তত সে পথে হাঁটছেন না। তিনি সোজাসুজি বলেছেন, এ বিষয়ে তার বিরুদ্ধে যতোরকম অভিযোগ উঠছে, সবই তিনি অস্বীকার করছেন। এসেক্সের সাবেক এই অলরাউন্ডার জোর দিয়ে বলেছেন, ‘আমি আমার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অস্বীকার করছি এবং আকসুর সঙ্গে প্রয়োজনমাফিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এ ছাড়া আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না।’
যতোদূর জানা গেছে, আইসিসি থেকে পন্টসহ জড়িত সকলকে এ বিষয়ে স্পর্শকাতর মন্তব্য করতে নিষেধ করা হয়েছে।
