পতুগীজ কোচ হোসে মরিনহোর আর আইভোরি কোস্টের তারকা দিদিয়ার দ্রগবাকে আবারও একই দলে দেখা যাবে; আইভোরি কোস্টের গণমাধ্যমের এই ধরনের বক্তব্যের বিরোধিতা করলেন দ্রগবার বাবা আলবার্ট দ্রগবা। গত মঙ্গলবার আবিদজানে তিনি বলেন, ‘চেলসিতে ফিরে যাওয়ার কথা সে ভাবছেও না। হোসে মরিনহোও চেলসিতে ফেরার জন্য তার সাথে কোন যোগাযোগ করেনি। আর এছাড়া সে গ্যালাতাসারের সাথে চুক্তিবদ্ধ। আপনারা যা শুনেছেন তা সবই গুজব।’ আইভরি কোস্টের হয়ে যখন আর দায়িত্ব পালন করবেন না এবং অবসরের পর দ্রগবা কি করতে পারেন এমন প্রশ্নের জবাবও দিয়েছেন আলবার্ট। দ্রগবা গ্যালাতাসারের স্পোর্টিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেবেন কিনা এমন প্রশ্নে আলবার্ট বলেন, ‘আমি মনে করি আইভরি কোস্টের হয়ে দ্রগবা সেরাটা দিয়েছে। সবাই জানে দেশের জন্য সে কতটা পরিশ্রম করেছে। এখন যদি তাদের দ্রগবাকে দীর্ঘ সময়ে জন্য প্রয়োজন না হয়, তারা সেটা পরিষ্কার করে বলতে পারে এবং অবশ্যই বাদ দিতে পারে। আমার ছেলে যদি তুরস্কের ক্লাবের ক্রীড়া পরিচালক হতে পারে আমি খুশি হবো।’
