ফেভারিটদের জয়রথ চলছে

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩২
বৃষ্টি বিঘ্নিত ফ্রেঞ্চ ওপেনের পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে ফেভারিটদের জয়যাত্রা। বৃষ্টি এবং প্রতিপক্ষের বাধা উপেক্ষা করে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন মহিলা এককের সাবেক বিশ্বসেরা জেলেনা জ্যাঙ্কোভিচ এবং পুরুষ এককে জার্মানীর ফিলিপ কোলস্ক্রেইবার। এর আগে গত বুধবার নিজ নিজ খেলায় প্রত্যাশিত জয় পেয়েছেন দুই ফেভারিট সেরেনা উইলিয়ামস এবং রজার ফেদেরার। আর দিনের সবচেয়ে বড় খবর হল ডাবলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। ডাবলসে ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক উইলিয়ামস বোনদ্বয় এ মৌসুমে এখনো পর্যন্ত জিততে পারেননি একটি শিরোপাও। রোলা গ্যারোতে ১৯৯৯ এবং ২০১০ সালের শিরোপজয়ী এই জুটি নাম প্রত্যাহারের কারণ হিসেবে সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি। তবে ধারণা করা হচ্ছে, গত রোববার নিজের প্রথম ম্যাচে খেলার সময় ভেনাস পিঠে ব্যথা অনুভব করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। উল্লেখ্য, উরসুলা রাদওয়ানস্কার কাছে হেরে মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভেনাস। গত দু’দিনের মতো বৃষ্টির কারণে গতকালও ছন্দপতন হয় রোলা গ্যারোর স্বাভাবিক পরিবেশে। বেশ কয়েকটি ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পড়ে। আর শুরু হওয়ার পরেও বৃষ্টির উত্পাতে বেশীরভাগ ম্যাচই দফায় দফায় বন্ধ থাকে। তাইওয়ানের লু-ইয়েন সান ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় ষষ্ঠদশ বাছাই কোলস্ক্রেইবারের জয়টা এসেছে কোন ঘাম না ঝরিয়েই। তবে জ্যাঙ্কোভিচকে জিততে হয়েছে কোর্টের লড়াইয়ে। যদিও তার বিরুদ্ধে কঠিন কোন বাধা তুলতে পারেননি গারবিন মুগুরুজা। ৬-৩, ৬-০ গেমে তাকে হারিয়েছেন জ্যাঙ্কোভিচ। অন্যদিকে রোলা গ্যারোতে এক দশকের শিরোপা বন্ধ্যাত্ব ঘোচাতে বদ্ধপরিকর সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন এই ফরাসিকে। গত দুই ম্যাচে মাত্র চারটি গেম খোয়ানো সেরেনার এটি টানা ২৬তম জয়। অনায়াসে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সেরেনা বলেছেন, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরনের জয়ের কোন বিকল্প নেই। উইলিয়ামস বোনদের ছোটটি বলেন,‘সহজে জিততে পারাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর স্বাচ্ছন্দ্যে খেলতে পারারও কোন বিকল্প নেই। আমি যদি ভালো খেলি, তাহলে সেটি ভবিষ্যতে আমার জন্য ভালো কিছুই বয়ে আনবে।’ তবে তাই বলে এটাকেই নিজের সবচেয়ে ভালো ফল বলে মানতে নারাজ এই আমেরিকান। প্রতিদিনের অনুশীলনেই নিজেকে ছাড়িয়ে যেতে চান তিনি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফরাসি ভাষায় কয়েকটি লাইন উচ্চারণ করে দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি সে কথাটিই বললেন আরো একবার। তিনি বলেন, ‘আমি আমার সবকিছু্ই আরো সুচারু করতে চাই। আমার ফরাসি ভাষাজ্ঞানও!’ এদিকে ২০০০ সালের পর প্রথমবারের মতো একটি টুর্নামেন্টও না জিতে রোলা গ্যারোতে আসা ফেদেরার প্রথম রাউন্ডের মতো আরেকটি তিনি সেটের ম্যাচে হারিয়েছেন সোমদেভ ডোবারম্যানকে। ম্যাচের ফল ছিল ৬-২, ৬-১, ৬-১। এ জয়ের ফলে বাজ পেটিকে টপকে রোলা গ্যারোতে সবচেয়ে বেশী ম্যাচ জয়ীর তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গেলেন সুইস সুপারস্টার। ৫৬টি ম্যাচ জেতা ফেদেরারের সামনে আছেন শুধু গুলেরমো ভিলাস এবং নিকোলা পাইয়েত্রাঙ্গেলি। তারা দু’জনেই জিতেছেন ৫৮টি ম্যাচ।