আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে বিতর্ক যত বাড়ছে ততই কোণঠাসা হয়ে পড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন। মেয়ের জামাই গুরুনাথ মুয়াপ্পান গ্রেফতারের পর থেকেই বোর্ড সভাপতির পদত্যাগের জোর দাবি উঠেছে। এবার তার পদত্যাগের দাবি জানালেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অজয় শিরকে। এখানেই শেষ নয়, আসাম-গোয়াসহ কয়েকটি প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একই দাবির কথা জানানো হয়েছে।
এর আগে গত রবিবার শ্রীনিবাসন জানান, বিসিসিআইয়ের কোন কমকর্তার পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়নি। এরপর থেকেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আইএস বিন্দ্রা, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যোতিরাদিত্য সিন্দিয়া, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জি বিনোদ শ্রীনিবাসনের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। এবার তাদের সাথে নাম লেখালেন অজয় শিরকে। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘আমি তার (শ্রীনিবাসন) অবস্থানে থাকলে বোর্ডের স্বার্থেই পদ ছেড়ে দিতাম। যত দিন যাচ্ছে বোর্ড তার বিশ্বাসযোগ্যতা আর আদর্শ থেকে সরে আসছে। আর গণমাধ্যমে এসব ফলাও করে প্রচার করার কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এখনই এ ব্যাপারে সমাধান দরকার।’
গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহকারী সভাপতি শেখর সালকার বলেন, ‘পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোন রাস্তা অবশিষ্ট নেই। নিজের মেয়ের জামাই জড়িত থাকার পরেও কি করে একজন দায়িত্বে থাকতে পারেন? তাই শ্রীনিবাসন দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত সুষ্ঠু তদন্তের আশা করা যায় না। বিসিসিআইয়ের বিশ্বাসযোগ্যতা আর সুষ্ঠু তদন্তের খাতিরে তাই এই মুহূর্তে তার দায়িত্বে না থাকার ব্যাপারেই আমি মত দিচ্ছি।’
একই ধরনের কথা বললেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহকারী সভাপতি গৌতম রায়, ‘যথার্থ তদন্ত আর ন্যায্যতার জন্য তার নিজেকে দূরে রাখা উচিত বলেই আমার মনে হয়।’ মুয়াপ্পানের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই দুইজন অবসরপ্রাপ্ত বিচারপতিসহ তিন সদস্যবিশিষ্ট্য তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। এর নেতৃত্বে আছেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় জাগদালে। শ্রীনিবাসন জানিয়েছেন, কমিটির কাজে তার কোনরকম হস্তক্ষেপ থাকবে না।
এখানেই থামছে না শ্রীনিবাসনের বিপদ। তার পদত্যাগের দাবি এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়াম্যান রাজিব শুকলা ও বিসিসিআইয়ের সহ- সভাপতি অরুণ জেটলির পক্ষে থেকেও। একই ধরনের কথা বলেছেন সাবেক দুই বোর্ড সভাপতি শরদ পাওয়ার ও শশাঙ্ক মনোহর।
এদিকে গ্রেফতার হওয়া ক্রিকেটার আঙ্কিত চাভানকে বিয়ের জন্য আগামী ছয় জুন পর্যন্ত জামিন দিয়েছে দিল্লী আদালত। আগে থেকেই আসছে দুই জুন তার বিয়ে ঠিক হয়ে আছে।
