জোড়া গোলে পোডলস্কির জবাব

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩৩
জার্মানির হয়ে জোড়া গোল করলেন আর্সেনালের স্ট্রাইকার লুকাস পোডলস্কি। এর ফলে গত বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে জার্মানরা ৪-২ গোলে পরাজিত করলো। আর এর সাথেই দলের ম্যানেজার অলিভার বিয়েরহফের সমালোচনার জবাব দিলেন তিনি। আর দারুণ পারফরম্যান্সের পর কোচ জোয়াকিম লোও বেশ সন্তুষ্ট। জার্মানির হয়ে লার্স বেন্ডার অপর দুটি গোল করেন। অবশ্য একই রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ড প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে। প্রীতি ম্যাচে পোডলস্কির খেলায় খুশি কোচ লো। তিনি ম্যাচ শেষে বলেন, ‘সে নৈপুণ্যের সাথে দুটি গোল করেছে। অসাধারণ দৌড়েছে সে এবং লড়াইয়ে এনেছে গতি। সে আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আবারো প্রমাণ করে দেখালো।’ পোডলস্কি ম্যাচের নয় সেকেন্ডেই প্রথম গোল এনে দেন জার্মানিকে। জার্মানির দ্বিতীয় গোলটি আসে ১৭ মিনিটে পোডলস্কির নৈপুণ্যেই। এই দুটি গোলের মাধ্যমে পোডলস্কি পেছনে ফেললেন কার্ল হেইঞ্জ রুমেনিগেকে। পোডলস্কি জাতীয় দলের হয়ে ৪৬ গোল করলেন। রুমেনিগে কে (৪৫ গোল) সরিয়ে পঞ্চমস্থানে এখন পোডলস্কি। অবশ্য ২৭ বছর বয়সী পোডলস্কি জানান, তিনি বিয়েরহফের বক্তব্যে প্রভাবিত হননি। জার্মানি এই ম্যাচটিতে ৪-০ গোলে এগিয়ে ছিল। লেভারকুসেনের খেলোয়াড় বেন্ডারও দুটি গোল করেন প্রথমার্ধেই। ইকুয়েডরের হয়ে দুটি গোল করেন অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া এবং ওয়াল্টার এয়োভি। ভ্যালেন্সিয়ার গোলের ফলে প্রথমার্থ শেষে জার্মানি ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল। জার্মানি আগামী রবিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। আয়ারল্যান্ড শেন লঙয়ের ১৩ মিনিটে করা গোলে এগিয়ে গিয়েছিল। ইংল্যান্ড ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে ২৩ মিনিটে সমতায় ফিরলেও জয়সূচক গোলের দেখা পায়নি আইরিশ গোলরক্ষক ডেভিড ফোর্ডের নৈপুণ্যে। অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড ওয়েইন রুনির মাধ্যমে। কোচ রয় হজসনের খেলার ধরনে চটেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারে লিনেকার। তিনি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। টুইটারে তিনি লিখেছেন ৪-৪-২ ফরমেশন অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে গেছে। হজসন অবশ্য পাল্টা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি সঠিক ছিলেন। ইংল্যান্ডের পরবর্তী প্রীতি ম্যাচটি আগামী রবিবার ব্রাজিলের সাথে নতুনভাবে সাজানো মারকানা স্টেডিয়ামে। এদিকে বেলজিয়াম ৪-২ গোলে যুক্তরাষ্ট্রকে হারালেও কাতার ও আজারবাইজানের লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। এক নজরে যুক্তরাস্ট্র ২ বেলজিয়াম ৪ কাতার ১ আজারবাইজান ১ ইকুয়েডর ২ জার্মানি ৪ ইংল্যান্ড ১ আয়ারল্যান্ড ১