মরিনহো দ্বিতীয় দফায় চেলসিতে

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩৪
মরিনহো শেষ পর্যন্ত তার পুরোনো ক্লাব চেলসির সাথে চুক্তিবদ্ধ হলেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ খেলাটির পর তাকে চেলসি কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে। বৃটেনের ‘দ্য সান’ পত্রিকা দাবি করে পর্তুগীজ এই কোচ তার সাম্প্রতিক লন্ডন সফরের সময় গত মঙ্গলবার চুক্তিবদ্ধ হন। তাকে এই সফরের সময় ওয়েম্বলিতে গত সোমবার ক্রিস্টাল প্যালেস ও ওয়াটফোর্ডের মধ্যকার খেলাটিতে উপস্থিত থাকতে দেখা যায়। পত্রিকাটিকে চেলসি ক্লাবের এক সূত্র জানায়-‘ব্যাপারটা এখন আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন। জোসে মরিনহো এখন আবার চেলসির হলেন। তার প্রত্যাবর্তনে ক্লাব, খেলোয়াড় ও সমর্থক সবাই আনন্দিত।’ বৃটিশ টেবলয়েডটি জানায় মরিনহো চার বছরের চুক্তিতে চেলসিতে সই করেছেন। এর মূল্য চার কোটি পাউন্ড (ছয় কোটি ১০ লাখ ডলার)। তিনি এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিন বছর চেলসির কোচ ছিলেন। সেসময় দলটি তার অধীনে দুই দফায় প্রিমিয়ার লিগ জয়সহ মোট ছয়টি শিরোপা জেতে।