বৃষ্টি যেন ফ্রেঞ্চ ওপেনের পিছু ছাড়ছেই না। তবে তার মধ্যেই টুর্নামেন্টের ষষ্ঠ দিনে গতকাল শুক্রবার নিজ নিজ খেলায় জয় নিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন পুরুষ এবং মহিলা এককের দুই হট ফেভারিট রাফায়েল নাদাল এবং মারিয়া শারাপোভা। এর আগে গত বৃহস্পতিবার আর্জেন্টিনার গুইডো পেলাকে বিধ্বস্ত করে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচও। অন্যদিকে চলতি আসরের প্রথম বড় অঘটনের জন্ম দিয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন মহিলা এককের ষষ্ঠ বাছাই লি না।
রেকর্ড অষ্টম শিরোপার লক্ষ্য নিয়ে এ বছর রোলা গ্যারোতে নাদালের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন স্লোভাকিয়ার মার্টিন ক্লিজান। প্রথম সেটটি জিতে নিয়ে ২৩ বছর বয়সী এই খেলোয়াড় ম্যাচটা শুরু করেছিলেন দুর্দান্তভাবেই। তবে পরের তিনটি সেটে বরাবরের মতোই দুর্দান্ত শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে নাদাল শেষ পর্যন্ত জিতে নেন ম্যাচটি। ম্যাচের ফল ছিল ৬-৪, ৬-৩, ৬-৩, ৬-৩। অন্যদিকে শারাপোভার তৃতীয় রাউন্ডে পৌঁছে যাওয়ার কথা ছিল একদিন আগেই। তবে বৃষ্টির বাধায় তার ম্যাচটি গত বৃহস্পতিবার শেষ হতে পারায়, গতকাল আবার কোর্টে গড়ায় সেটি। তবে তরুণী প্রতিপক্ষ ইউগিনি বুচার্ডকে হারাতে তেমন বেগ পেতে হয়নি শিরোপাধারী শারাপোভাকে। ৬-২, ৬-৪ গেমে ম্যাচটি জিতে নেন তিনি। নিজ নিজ খেলায় জয় নিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন ফ্রান্সের মারিয়ন বারতোলি এবং রাশিয়ান সেনসেশন মারিয়া কিরিলিঙ্কোও। অন্যদিকে পুরুষ এককে গতকালের অন্যান্য ম্যাচে শীর্ষ তারকাদের মধ্যে জয় পেয়েছেন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো এবং টুর্নামেন্টের সপ্তম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট। জয় পেয়েছেন দ্বাদশ বাছাই টমি হাসও। বর্ষীয়ান এই জার্মান তারকা আমেরিকার জ্যাক সোককে ৭-৬ (৭-৩), ৬-২, ৭-৫ গেমে পরাজিত করে।
অন্যদিকে ঘটনাবহুল পঞ্চম দিনে গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয় প্রায় সবগুলো ম্যাচ। বৈরী আবহাওয়ায় কয়েক দফা খেলার বন্ধ থাকার পর শেষ পর্যন্ত তৃতীয় রাউন্ডের টিকেট পান টুর্নামেন্টের এক নম্বর বাছাই জোকোভিচ। যদিও কোর্টের লড়াইয়ে কঠিন কোন চ্যালেঞ্চের মুখে পড়তে হয়নি তাকে। আর্জেন্টাইন প্রতিপক্ষকে তিনি উড়িয়ে দিয়েছেন ৬-২, ৬-০, ৬-২ গেমে। এক ঘন্টা ২৬ মিনিটের লড়াইয়ে ৮৩তম র্যাঙ্কিংধারী পেলাকে হারানোর পর সার্বিয়ান তারকা বলেন, ‘এটা ছিল অনেকটা দুই দিন আগের সেই ম্যাচটারই নতুন রূপ। কোর্টে আসা, আবার ফিরে যাওয়া, বার বার ওয়ার্ম করা ইত্যাদি। তবে আমি খুশি যে ম্যাচটা আজই শেষ করতে পেরেছি।’ তৃতীয় রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রিগর দিমিত্রভের। মাদ্রিদ ওপেনে নিজেদের সর্বশেষ লড়াইয়ে এই বুলগেরিয়ানের কাছে হেরেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাকে। তবে এবারের ফলটা অন্যরকম হবে বলেই জোকোভিচের বিশ্বাস। আত্মবিশ্বাসী ‘জোকার’ বলেন,‘এই ম্যাচ হবে খুব বেশী শারীরিক। এই টুর্নামেন্টের জন্য অনুশীলনে যে কঠোর পরিশ্রম করেছি সেটা কোর্টে আমার পক্ষে কাজ করবে বলে আমি আশাবাদী।’
বার বার বৃষ্টির বাধায় বিরক্ত জোকোভিচের প্রথম বিবৃতিতেই বোঝা যাচ্ছে বৃষ্টির কারণে বৃহস্পতিবার শেষ হতে পারেনি বেশ কয়েকটি ম্যাচ। বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় স্তানিস্ল্যাস ওয়াওরিঙ্কা এবং হোরাসিও জেবালোসের মধ্যকার ম্যাচের বাকি অংশ আজ অনুষ্ঠিত হবে।
এদিকে ২০১১ আসরের চ্যাম্পিয়ন লিনাকে হারিয়ে দারুণ এক চমক উপহার দিয়েছেন বেথানি ম্যাটেক স্যান্ডস। স্যান্ডস ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন তার চীনা প্রতিপক্ষকে। বৃষ্টির বাধা উপেক্ষা করে ম্যাচটি তৃতীয়বারের মতো কোর্টে গড়ালে টানা সাতটি গেম জিতে নিয়ে শেষ সেটে এক পর্যায়ে ৫-০ তে এগিয়ে যান তরুণী আমেরিকানটি। শেষ পর্যন্ত অবশ্য দুটি গেম খোয়াতে হলেও ম্যাচটি ঠিকই জিতে নেন তিনি।
