হকির দলবদল ২-৪ জুলাই

বিদেশি কোটা কমছে না

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৪
ক্লাবগুলোর সাথে পূর্ব ঘোষিত সময়েই প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলবদল হতে যাচ্ছে। ২৫ মে লিগটির এগার ক্লাবের সাথে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল এনামুল বারীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ২-৪ জুলাই খেলোয়াড়দের দলবদল হবে। গতকাল লিগ কমিটির বৈঠক শেষেও ঘোষিত এই সময় বহাল রাখা হয়। তবে এই বৈঠকে বিদেশি খেলোয়াড়ের কোটা কমানো হয়নি। জাতীয় দলের খেলোয়াড়রা দাবি জানিয়েছিল বিদেশিদের কোটা কমাতে। কিন্তু লিগ কমিটির সভায় ক্লাবগুলো এর পক্ষে মত দেয়নি বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ। এ কারণে এবারও পাঁচজন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করা যাবে এবং খেলবেন চারজন । সভাপতির সাথে সভায় ফেডারেশনের আসন্ন নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচ কাউন্সিলর মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল ক্লাবগুলো। কাল লিগ কমিটির সভায় সেটির অগ্রগতি জানতে চেয়েছিল ক্লাবগুলো। সূত্র জানিয়েছে, বিষয়টির সিদ্ধান্ত না হলে লিগ খেলবে না বলে কয়েকটি ক্লাব হুমকি দিয়েছে। এ ব্যাপারে সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বলেন, ‘মোহামেডান, মেরিনার এবং ওয়ারী বিষয়টি তুলেছিল। সভাপতির প্রতিনিধির কাছে জানতে চেয়েছে।’ লিগ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। কারণ সামনে রমজান, ঈদ, এশিয়া কাপ হকি, এরপর ক্লাব হকি শেষ হলে লিগ মাঠে গড়াবে বলে জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক মাইনুজ্জামান পিলা।