হকিতে পাঁচ কর্মকর্তার পদত্যাগ

খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে বললেন পদত্যাগী খন্দকার জামিল

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে হকি ফেডারেশন থেকে পদত্যাগ করলেন আরো পাঁচজন কর্মকর্তা। তবে এরপরও সদ্য পদত্যাগী সহ-সভাপতি খোন্দকার জামিল উদ্দিন জাতীয় দলের খেলোয়াড়দেরকে ক্যাম্পে সব কিছু ভুলে দেশের স্বার্থে জাতির স্বার্থে ক্যাম্পে যোগদানের আহবান জানিয়েছেন। গতকাল দুপুরে মোহামেডান ক্লাবের হলরুমে পদত্যাগের ঘোষণা দেন ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার জামিল উদ্দিন ও কেএমআর মঞ্জুর, সদস্য সুলতান উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম লিটু এবং নাজিরুল ইসলাম নাজু। সহ-সভাপতি কেএমআর মঞ্জুর এ সময় ছিলেন পাশে অনুষ্ঠিত ওয়ারী ক্লাবের নির্বাচনে। তার পদত্যাগ পত্রটি সংবাদ সম্মেলনে তুলে ধরেন খোন্দকার জামিল। গতকাল সন্ধ্যার মধ্যেই পদত্যাগ পত্রগুলো ফেডারেশন সভাপতির কাছে পাঠিয়ে দেয়ার কথা। খোন্দকার জামিল অভিযোগ করেন তিনি নামেই সহ-সভাপতি ছিলেন। কিন্তু তাকে কোনো কর্মকাণ্ডে ডাকা হতো না। এমনকি ফেডারেশন থেকে তাকে একটি ফোনও দেয়া হতো না। গত বছর অনুষ্ঠিত ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে হকি কর্মকর্তারা ব্লেজার পেলেও তাকে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বর্তমান কমিটির আগেরটিতে সাধারণ সম্পাদক থাকা খন্দকার জামিল বলেন, একটা ব্লেজার কত মূল্য সেটা বড় নয়। সম্মানটাই এখানে বড়।’ তিনি আরো বলেন, সেদিন তিনি চুপ ছিলেন হকির স্বার্থে। খেলোয়াড়রা ভালো খেলছিল বলে। কিন্তু এখন হকিতে কাজের পরিবেশ নেই। পদ আঁকড়ে থাকার কোনো মানে হয় না। নির্বাচনী তফসিল ঘোষণা করলে পদত্যাগ করে ফেলতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো না তাই এখনই পদত্যাগ করছি।’ কমিটি থেকে পদত্যাগ করলেও খেলোয়াড়দের তিনি ক্যাম্প বর্জন না করার আহবান জানান। কারণ হিসেবে বলেন- একরোখা দাবি করা ঠিক না। অপরদিকে ফেডারেশনের উদ্দেশ্যে বলেন, খেলোয়াড়দেরকে অবজ্ঞা করা ঠিক না। কারণ আমরা তো হকি খেলোয়াড়দের তেমন কিছু দিতে পারি না। ওরা দেশের জন্য খেলে সম্মান বয়ে আনছে। যদি কেউ খেলোয়াড়দের ব্যবহার করে থাকে সেটা ঠিক না। নিজের সময়ে একই পরিস্থিতিতে পড়ার ঘটনা মনে করিয়ে দিয়ে বলেন,এক সময় আমার বিরুদ্ধে এই খেলোয়াড়রা আন্দোলন করেছিল। ইন্ধন দেয়া হয়েছিল। আজ প্রকৃতির নিয়মে সেটা উল্টে গিয়েছে। তবে আমরা খেলোয়াড়দের হুমকি-ধামকি দেইনি। দায়ভার মাথায় নিয়ে সরে গিয়েছিলাম।’ হকি ফেডারেশনে ২০১১ সালের নভেম্বরে ৩১ সদস্যের এডহক কমিটি গঠিত হয়। সামনেই ফেডারেশনটিতে নির্বাচন হবার কথা। তবে এখনো কোন দিনক্ষণ ঠিক হয়নি। বর্তমানে কাউন্সিলর চূড়ান্ত করার কাজ চলছে।