সম্মাননা পেলেন বাংলাদেশ গেমস জয়ী পুলিশের ক্রীড়াবিদরা

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ ৮ম বাংলাদেশ গেমসে পদক বিজয়ী তাদের ক্রীড়াবিদদের গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সম্বর্ধনা দিয়েছে। গত এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে বিভিন্ন ইভেন্টে পুলিশের ২১০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে দলগতভাবে পুলিশ সদস্যরা ছয়টি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জসহ মোট ২২টি পদক জিতে ৭ম স্থান অধিকার করে। ছয়টি স্বর্ণপদক আসে তায়কানডো (১টি), জুডো (১টি), কুস্তিতে (৪টি)। নারী কনস্টেবল আফরোজা জুডো এবং কুস্তিতে দুটি স্বর্ণপদক জয় করে বাংলাদেশ পুলিশের জন্য বিরল সম্মান বয়ে আনেন। অনুষ্ঠানে তিনি নিজেও বক্তব্য রেখে তার অনুভূতি ব্যক্ত করেন। গতকালকের অনুষ্ঠানে পুলিশের আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি হাসান মাহমুদ খন্দকার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মত কঠোর ও গুরুদায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশ অসাধারণ নৈপুণ্য ও কৃতিত্ব দেখিয়েছে। তিনি পুলিশের কৃতি ক্রীড়াবিদদের সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। আইজিপি পরে পদক জয়ী ক্রীড়াবিদদের হাতে সার্টিফিকেট এবং সম্মানী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) এবং বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সহ-সভাপতি মোঃ মইনুর রহমান চৌধুরী, অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স এন্ড বাজেট) মোঃ আমির উদ্দিন, এপিবিএন’র এ্যাডিশনাল আইজিপি শেখ হিমায়েত হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং এন্ড স্পোর্টস) মোঃ ফিরোজ আল মুজাহিদ খানসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশের খেলোয়াড় এবং সদস্যরা। -খবর বিজ্ঞপ্তির