তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৩
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভূমি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে আজ রবিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ। গতকাল শনিবার বান্দরবান প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন। নেতৃবৃন্দ জানান, গত ২৭ মে বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এই সংশোধনী পাস হলে পাহাড়ে সংঘাত আরো বাড়বে, পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিবে। পার্বত্য এলাকার ভূমির ওপর বাঙালি জনগণ এবং সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে। এছাড়া ভূমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়িদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে। তাই তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সংশোধনী প্রস্তাব বাতিল করে পাহাড়ি-বাঙালি নেতাদের মতামত নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কামরান ফারুক, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।