২৪ ঘন্টা পরও নরসিংদীতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৫
২৪ ঘণ্টা পরও নরসিংদী শহরের ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খুন হওয়া যুবকের কোন পরিচয় বের করতে পারেনি পুলিশ। এছাড়াও পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও ঘাতককে চিহ্নিত করতে পারেনি। হত্যাকাণ্ডের বিভত্সতায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, নিহত যুবকের পরিচয় পাওয়া গেলেই ঘাতকদের চিহ্নিত করা সম্ভব হবে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানটি বহিরাগত সন্ত্রাসীদের আড্ডাখানা। সংশিষ্ট সূত্রে জানা যায়, ৭/৮ জন লোক ধারালো চাপাতি হাতে নিয়ে গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৭টায় স্কুলের ভেতর থেকে গেট দিয়ে বের হওয়া দেখতে পায় ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের ডে-গার্ড জালাল উদ্দিনের ছেলে সজীব। সে তখন তার পিতাকে বাসায় গিয়ে খবরটি জানায়। এ কথা শুনে ডে-গার্ড জালাল স্কুলের ভেতর কোন ঘটনা ঘটেছে কি না তা দেখতে টর্চ নিয়ে চারদিকে তল্লাশি চালায়। এক পর্যায়ে তিনি স্কুলের গার্ডিয়ান শেডের পেছনে একটি আম গাছের গোড়ায় এক যুবকের লাশ বিভত্স অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা যুবকের মাথা ও ঘাড় উপর্যুপরি কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। হত্যাকাণ্ডের স্থানে মাংসের টুকরা রক্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। হত্যাকারীদেরও সনাক্ত করা সম্ভব হয়নি।