নতুন কর চাপছে না নির্বাচনী বাজেটে

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৯
আগামীকাল সোমবার নবম জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে । বিকাল সাড়ে ৫টায় অধিবেশন বসবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ জুন অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। আর এ বাজেট অধিবেশনে সোয়া বছর পর প্রধান বিরোধী দল বিএনপি এবার সংসদে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে কৌশলগত কারণে তাঁরা বাজেট পেশের পর সংসদে ফিরবেন বলে জানা গেছে। বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক ইত্তেফাককে বলেন, এ অধিবেশনে বিরোধী দল সংসদে যোগ দেবে। তবে দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। এদিকে গতকাল শনিবার সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিরোধী দল। বৈঠকটি আগামীকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশের সময় সরকারের আয়ু মাত্র ৬ মাস থাকলেও বাজেট করা হচ্ছে পুরো অর্থ বছরের পরিকল্পনা করেই। সোয়া দুই লাখ হাজার কোটি টাকার বাজেট তৈরি হচ্ছে আগামী অর্থবছরের জন্য। সরকারি সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের শেষ এ বাজেট তৈরি করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে। এ কারণে এ বাজেটে জনগণের উপর নতুন করের বোঝা থাকবে না। করের পরিধি বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে সীমিত আকারে। ব্যক্তি পর্যায়ে আয়কর দুই লাখ থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করা হচ্ছে। তবে বিলাসবহুল পণ্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে বলে জানা গেছে। মূলত সংসদ সদস্য পদ রক্ষার জন্য প্রধান বিরোধী দল বিএনপি এবার সংসদের বাজেট অধিবেশনে ফিরবে বলে আশা করা হলেও তাঁরা তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন ইস্যুতে সরব থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে বিরোধী দলের সদস্যদের সংসদে টানা অনুপস্থিতির সময় ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। নিয়ম অনুসারে সংসদে টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। সর্বশেষ গত বছরের ২০ মার্চ তাঁরা সংসদে যোগ দিয়েছিল। সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেয়ার জন্য বিএনপির শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিএনপি সূত্র বলেছে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংসদ এবার উত্তপ্ত করার চেষ্টা করবেন বিরোধী দলের সদস্যরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা সরব থাকবেন। তবে এজন্য সংসদে বিরোধী দল কোন বিল আনবে না। তবে ইতিমধ্যে বিরোধী দলের কয়েকজন সদস্য মুলতবী প্রস্তাব জমা দিয়েছে। চাইলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসব মুলতবী প্রস্তাবের উপর আলোচনা হতে পারে। যদিও চলতি সংসদে এ পর্যন্ত ৮৩৫ টি মুলতবী প্রস্তাব আনা হলেও একটি নিয়েও আলোচনা হয়নি। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বাজেট অধিবেশনের প্রথম দিনেই অধিবেশন পরিচালনা করবেন বলে জানা গেছে। এর আগে স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ড. শিরিন শারমীন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। বাজেট অধিবেশন চলবে দেড় মাসঃ সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের এবারের বাজেট অধিবেশন দীর্ঘ হবে। আপাতত দেড় মাস চলার প্রস্তুতি নিয়ে শুরু করার চিন্তা রয়েছে এ অধিবেশনের। তবে তা দুই মাসও চলতে পারে। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় অধিবেশনের সময় ও কার্যসীমা নির্ধারণ করা হবে। বাজেট উপস্থাপনের পর এ নিয়ে সংসদের রেওয়াজ অনুসারে দীর্ঘ আলোচনা হবে। গত বছর বাজেটের উপর ৪০ ঘন্টার বেশী সময় আলোচনার পর তা পাস হয়েছিল। বিরোধী দল সংসদে থাকলে এবার আলোচনার সময় আরো বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে, ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পাসের পাশাপাশি এবার সংসদে জনগুরুত্বপূর্ণ বেশকিছু বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের ১৮তম এ অধিবেশন আহ্বান করেন। সংসদে বিরোধী দলের অনুপস্থিতির রেকর্ড বাড়ছে: ৫ বছর মেয়াদি চলতি সংসদের সময়কাল শেষ হওয়ার আগেই এবার বর্জনের অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে বিরোধী দল বিএনপি। নবম সংসদে এ পর্যন্ত ৩৭০ কার্যদিবসের মধ্যে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র ৮ দিন সংসদে যোগ দেন। আর বিরোধী দল বিএনপি মাত্র ৫২ কার্যদিবস সংসদে যোগ দেয়। সংসদের পাওয়া তথ্য অনুসারে, বিরোধী দল সপ্তম সংসদের ৩৮২ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন, অষ্টম সংসদের ৩৭২ কার্যদিবসের মধ্যে ২২৩ এবং নবম সংসদের বিগত অধিবেশন পর্যন্ত ৩৭০ কার্যদিবসের মধ্যে ৩১৮ দিন সংসদের কার্যক্রম বর্জন করেছে।