নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা ও বগুড়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৩২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের থানা পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা আছেন।
ইত্তেফাক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী:জেলার বিভিন্ন এলাকা থেকে গত শুক্রবার রাতে ও গতকাল গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১৯, বিএনপির পাঁচ এবং ইসলামী ছাত্রী সংস্থার দুই জন কর্মী রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা জামায়াতের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপজেলার ভুলুয়া ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক গোলাম কদ্দুছ এবং পৌর জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা সামছুদ্দিন।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া কয়েকজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
বগুড়া: জামায়াতপন্থি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মতিন ও শেরপুরের জামায়াতের সেক্রেটারি জেনারেল দবিবুর রহমানসহ (দবির হাজী) তিন জনকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। দবিবুরের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ কর্মীরা ২০/২৫টি যানবাহন ভাংচুর করে।
বরিশাল অফিস
গতকাল সকালে নবগ্রাম রোডের একটি বাসা থেকে কোতয়ালী থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মিজানুর রহমান ও মহানগর জামায়াতের সদস্য হেমায়েত উদ্দিন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা :সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ‘সাঈদী মুক্তি মঞ্চ’ এর অন্যতম উদ্যোক্তা ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জমানকে গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ রূপসা ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আক্তারুজ্জমানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
