গাজীপুর সিটি নির্বাচন

মেয়র পদে দু’জনের প্রার্থিতা ঘোষণা

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:১৭
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থী পৃথক সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ঘোষণা করেছেন। রবিবার সকালে জেলা শহরের শিববাড়ি মোড়ে স্থানীয় একটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর জেলা শাখার আহবায়ক মো. মেজবাহ উদ্দিন সরকার (রুবেল সরকার) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন এবং যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি নির্বাচিত হতে পারলে গাজীপুরকে আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলবো। এ সময় তার রাশিয়ান স্ত্রী এলিশা সরকারসহ সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে একই দিন দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে অপর এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ফোরাম গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে মাওলানা ফজলুর রহমানকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করা হয়। মেয়র পদে আরো তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল আরো তিন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, সম্মিলিত ইসলামী ফোরামের মাওলানা ফজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী রীনা সুলতানা। এ নিয়ে মেয়র পদে এ পর্যন্ত ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।