আতঙ্কে আশরাফুল

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:৪০
চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগে কারো ফোন পেলেই আনন্দিত হতেন, উত্সাহ নিয়ে ফোন রিসিভ করতেন। কথা বলতেন হাসিমুখে-সহজ সরল ভাষায়, আধো আঞ্চলিকতার টানে। এখন সেই আশরাফুল অপরাধী? কারো ফোন তো ধরেনই না, বরং ফোন বাজলেই আতঙ্কিত হয়ে উঠছেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাছে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্ক তাকে ঘিরে ধরেছে। প্রতিদিনই পরিচিত পুলিশ ও র্যাব কর্মকর্তাদের ফোন করে একটি বিষয়টি জানতে চাইছেন, তাকে কি গ্রেফতার করা হবে? যদিও কেউই তাকে নিশ্চিত করতে পারেনি তিনি গ্রেফতার হবেন না। আবার তিনি যে গ্রেফতার হচ্ছেন এমন কথাও কেউ বলছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে নিশ্চিত করে বলেছেন, আশরাফুল তাকে দিনে কয়েকবার ফোন করেন। কখনও ভাই, কখনও স্যার সম্বোধন করে তার প্রশ্ন- আমাকে কি গ্রেফতার করবেন? এ ব্যাপারে কি কোন দিক-নির্দেশনা এসেছে? আমি এখন কি করব? আমার প্রতি কোন পরামর্শ আছে? আসলে তার এসব প্রশ্নের কোন উত্তর নেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তাই এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেননি ওই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত আশরাফুলকে গ্রেফতারের কোন পরিকল্পনা নেই তাদের। আকসুর রিপোর্ট পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন তদন্ত না করে আকসুর রিপোর্টের ভিত্তিতে আগেই মামলা করে তাহলে তখনই তাকে গ্রেফতার করা হতে পারে। আর যদি আকসুর তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিসিবি অধিকতর তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেয় তাহলে গ্রেফতার প্রক্রিয়া দেরি হতে পারে। জিজ্ঞাসাবাদের সময়ও আটক বা গ্রেফতার হতে পারেন আশরাফুল। তবে যখনই হোক আশরাফুলকে গ্রেফতার হতে হবে এমনটাই নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।