নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ওসিসহ আহত হয়েছে ৪০ জন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই যুবলীগ নেতা বজলু ও আনোয়ার হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের শমসের আলীর মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো গতকাল পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শহিদ মিয়া, আলমগীর হোসেন ও শুক্কুর আলী গুলিবিদ্ধ হন। অন্য আহতদের ঢাকা, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুল, সুমন, আল আমিন, লোকমান হোসেন, কামাল, মাইনুল, সাকিল মিয়া, ভান্ডারীকে পুলিশ গ্রেফতার করেছে। সংঘর্ষের প্রথম দিন গত শনিবার আহত হয়েছিল অন্তত ৩০ জন।
পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান আহত হন। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
